আফগানিস্তানের ৬৫ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ তালেবানের হাতে

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানের ৬৫ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।

ইউরোপীয় ইউনিয়নের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে দিয়ে রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের মোট ভূখণ্ডের ৬৫ শতাংশ তালেবানের নিয়ন্ত্রণে আছে। এ ছাড়া ১১টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তালেবানের যোদ্ধারা দেশের উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর কাছে সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে।

গত কয়েক বছর ধরে আফগানিস্তানের উত্তরাঞ্চল দেশটির মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ছিল। সেখানে তালেবানের উপস্থিতি ছিল একেবারে কম। তবে তালেবান যোদ্ধারা দেশ দখলের কৌশলের অংশ হিসেবে এখন উত্তরাঞ্চলের দিকে নজর দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে উত্তর, পশ্চিম এবং দক্ষিণাঞ্চলের পর রাজধানী কাবুলের কাছের শহরগুলো দখলের চেষ্টা চালাচ্ছে তারা।

জাতিসংঘের এক কর্মকর্তা জানান, আফগানিস্তানে গত ২০ বছরে মানবাধিকার পরিস্থিতির যে উন্নতি হয়েছে তার এখন অবনতির ঝুঁকি তৈরি হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর সদস্যরা দেশটি ছাড়তে শুরু করার পরই শাসন ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে তালেবান। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি আঞ্চলিক শক্তিশালী গোষ্ঠীগুলোকে তার সরকারের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।

রাজধানী কাবুলে প্রেসিডেন্ট আশরাফ গনির সহযোগীরা বলেছেন, নিজের সরকারকে বাঁচাতে বছরের পর বছর ধরে তিনি যে মিলিশিয়াদের দমন করে এসেছেন এখন সেই আঞ্চলিক মিলিশিয়াদের কাছে সহায়তা চাইছেন প্রেসিডেন্ট গনি। দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখতে বেসামরিক নাগরিকদের প্রতিও আহ্বান জানিয়েছেন।

দেশটির সামানগান প্রদেশের রাজধানী আইবাক শহর থেকে মাজার-ই-শরিফ এবং কাবুলের সংযোগকারী প্রধান সড়কে তালেবানের যোদ্ধারা তাদের নিয়ন্ত্রণ জোরালো করেছে।

সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন, তালেবানের যোদ্ধারা বর্তমানে সরকারি বিভিন্ন ভবনের দিকে অগ্রসর হচ্ছেন। শহরের বেশিরভাগ এলাকা থেকে সরকারি বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নিতে দেখা গেছে। আইবাকের মানুষের জীবনযাত্রার ব্যাপারে জানতে চাইলে প্রদেশের কর কর্মকর্তা মোহাম্মদ আব্বাস বলেন, 'সেখানে বর্তমানে স্বেচ্ছায় গৃহবন্দি অথবা কাবুলে যাওয়ার পথ খুঁজে বের করাই একমাত্র উপায়। কিন্তু কাবুলও এখন আর নিরাপদ স্থান নয়।'

তিনি আরও জানান, তালেবানের যোদ্ধারা তার অফিসে পৌঁছে কর্মীদের বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

আফগান নিরাপত্তা বাহিনীকেই এখন তাদের দেশ রক্ষা করতে হবে: বাইডেন

গত সোমবার তালেবান বিদ্রোহীরা ষষ্ঠ প্রাদেশিক রাজধানী দখলের পর আফগান নিরাপত্তা বাহিনীকেই এখন তাদের দেশ রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, 'আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন ৩১ আগস্ট শেষ হবে। আফগান জনগণকে তাদের নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে।'

যুক্তরাষ্ট্রের আরেকটি প্রজন্মকে ২০ বছরের যুদ্ধে পাঠাবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাইডেন। সোমবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবিও সাংবাদিকদের বলেছেন, 'এটা তাদের লড়াই।'

তালেবান ও আফগান সরকারি কর্মকর্তারা দেশটির উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ছয়টি প্রদেশের রাজধানীর দখল বিদ্রোহী এই গোষ্ঠীর হাতে চলে গেছে বলে নিশ্চিত করেছেন।