আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে: মুজাহিদ
ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে কাতারের রাজধানী দোহায় গেছেন ইসলামি আমিরাতের কয়েক জন কর্মকর্তা।
রোববার আফগানিস্তানের টোলো নিউজে বলা হয়েছে, ইসলামি আমিরাতের তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, দোহায় আফগানিস্তান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে ইসলামী আমিরাত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে।
গত শুক্রবার ইসলামিক আমিরাতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের বৈঠকে যোগ দিতে দোহার উদ্দেশে কাবুল ত্যাগ করে।
এ বিষয়ে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, 'আমেরিকানদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করার আছে। প্রথমত, দোহা চুক্তির বাস্তবায়ন, যা উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের ব্যাংকে স্থগিত থাকা আফগনিস্তানের সম্পত্তির বিষয়ে আলোচনা এবং তৃতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র কর্তৃক আফগানিস্তানের স্বীকৃতি।'
ওয়াশিংটন ও কাবুল দুপক্ষের মধ্যেই দোহা চুক্তির বাস্ত্ববায়ন, আফগানিস্তানের সম্পদ ফেরত, আফগানিস্তানের আকাশ সীমার প্রতি শ্রদ্ধা, মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং মানবাধিকার পরিস্থির পর্যবেক্ষণের বিষয়ে সহযোগিতার নতুন অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বলখি বলেন, 'আমরা ইতিবাচক সম্পর্ক চাই, আমাদের সম্পৃক্ততা, মানুষে মানুষে সম্পৃক্ততা, কূটনৈতিক, অর্থনৈতিক এবং সাধারণ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই, যা কেবল আমাদেরই না বরং যুক্তরাষ্ট্র ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রভাবিত করছে।
নরওয়েতে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত শুকরিয়া বারাকজাই বলেন, 'বৈঠকটি আসলে যুক্তরাষ্ট্র সরকার ও তালেবানদের মধ্যে পূর্ববর্তী একটি বৈঠকের ফলোআপ। তবে, এখানে পার্থক্য হলো তালেবান এখন ক্ষমতা হাতে পেয়েছে।'