আজ জুমার পর মন্ত্রিসভা ঘোষণা করতে পারে তালেবান

স্টার অনলাইন ডেস্ক

তালেবান আজ শুক্রবার জুমার নামাজের পর আফগানিস্তানে নতুন মন্ত্রিসভার ঘোষণা করতে পারে। তালেবানের দুটি সূত্রের বরাতে এএফপি'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরা জানায়, আফগানিস্তানে সরকার গঠন, বিশেষ করে নারী অধিকার ও পূর্বের শাসনামলের কঠোর নিয়ম পরিবর্তনের মতো বিষয় নিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন চাপের মুখে আছে তালেবান।

ইতোমধ্যেই তালেবানের ভেতর কয়েকজন নতুন নেতার সম্পৃক্ততা দেখা গেছে।

জাতিসংঘ জানিয়েছে, তারা দেশটিতে মানবিক ত্রাণ সহযোগিতার জন্য পুনরায় ফ্লাইট চালু করেছে। এতে করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মাজার-ই-শরিফ ও কান্দাহারের যোগাযোগ স্থাপিত হয়েছে।

সাম্প্রতিক সহিংসতার কারণে কয়েক হাজার আফগান নাগরিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। পাকিস্তান ও ইরানের মতো প্রতিবেশী দেশগুলোতে প্রায় অর্ধ মিলিয়ন আফগান নাগরিক শরণার্থী হিসেবে আশ্রয় নিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কাবুলে দেশের প্রধান বিমানবন্দরটি বন্ধে আছে। তবে, কাতারের প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় কয়েক দিনের মধ্যে সেটি পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।