আইএস ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় না তালেবান

স্টার অনলাইন ডেস্ক

আফগানিস্তানে ইসলামিক স্টেটকে (আইএস) নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে না তালেবান। আজ শনিবার বার্তাসংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

তালেবান মুখপাত্র সুহেল শাহীনের বরাত দিয়ে এপি জানিয়েছে, আফগানিস্তানে চরমপন্থী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইছে না তালেবান।

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে গতকাল এক আত্মঘাতী হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন এবং আহত হন আরও অর্ধশত। সম্প্রতি দেশটিতে বেশকিছু হামলার পাশাপাশি এ ঘটনারও দায় নিয়েছে আইএস। ২০১৪ সালে পূর্ব আফগানিস্তানে অবস্থান নেওয়ার পর থেকে দেশটির শিয়াদের ওপর বেশ কয়েকবার হামলা করেছে আইএস।

আইএস ঠেকাতে তালেবান যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেবে কি না, এমন প্রশ্নের জবাবে সুহেল শাহীন এপিকে বলেন, 'আমরা নিজেরা আইএস মোকাবিলা করতে সক্ষম।'

কাতারের রাজধানী দোহায় সিনিয়র তালেবান কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের শনিবার ও রোববার বৈঠক হওয়ার কথা আছে। বৈঠকে আফগানিস্তানে চরমপন্থী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন।

এ বছরের আগস্টের শেষে আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের পর এটাই দুই পক্ষের মধ্যে প্রথম বৈঠক।