অধিবেশন মুলতবি, পেছাল ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট

স্টার অনলাইন ডেস্ক

বিরোধীদের হট্টগোলের মুখে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন না করেই আজ বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে।

অধিবেশন শুরু হওয়ার কয়েক মিনিট পর ডেপুটি স্পিকার কাসিম সুরি আগামী রোববার সকাল সাড়ে ১১টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এসএপিএম) বাবর আওয়ান অধিবেশন মুলতবি ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন। কারণ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত  কমিটির বৈঠক কিছুক্ষণ পর পার্লামেন্টের ওই কক্ষেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে ভোটের পর প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলে বিরোধীদলের সদস্যরা স্পিকারকে আজকেই অনাস্থা প্রস্তাবে ভোট আয়োজনের আহ্বান জানাতে থাকেন এবং একযোগে 'সরে যাও, ইমরান' স্লোগান দিতে থাকেন।

এ ঘটনার প্রেক্ষিতে ডেপুটি স্পিকার কাসিম সুরি অধিবেশন মুলতবি ঘোষণা করেন।