অধিকারের দাবিতে কাবুলের রাস্তায় নারীরা, তালেবানের বাধা

স্টার অনলাইন ডেস্ক

কাজ করার অধিকার, সরকারে দায়িত্বপালন ও তালেবানের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার দাবিতে কাবুলের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন আফগান নারীরা।

আল জাজিরা জানায়, আজ শনিবার ৫০ জন নারী প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হয়ে এই বিক্ষোভ শুরু করেন।

২৬ বছর বয়সী রাজিয়া বারাকজাই আল জাজিরাকে জানান, নারীদের অর্থ মন্ত্রণালয়ের গেইটের কাছে থামানো হয়। সেখানে তালেবান সদস্যরা তাদেরকে ঘিরে ফেলে এবং প্রাসাদের দিকে অগ্রসর হতে বাধা দেয়।

তাদেরকে ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছিল বলে জানান তিনি। বলেন, 'আমরা পুরো সময় শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম, কিন্তু তারা যে কোনো মূল্যে আমাদের থামিয়ে দিতে চেয়েছে।'

এই নিয়ে অন্তত চতুর্থবারের মতো নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নামলেন আফগান নারীরা। এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের পশ্চিমের শহর হেরাতে চাকরি ও শিক্ষাক্ষেত্রে নিজেদের অধিকারের দাবিতে নারীদের বিক্ষোভ হয়েছিল।

বারাকজাই বলেন, 'যে তালেবান সদস্যরা বিক্ষোভকারীদের ঘিরে ফেলেছিল, তারা লাল ব্যানার পরেছিল এবং বন্দুক বহন করছিল। তারা সাধারণ তালেবান বাহিনী ছিল না।'

চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলা হয় বলে জানান তিনি। বলেন, 'তারা আমাদের বলে "বাড়ি যাও।"

এসময় এক নারী তালেবান সদস্যের হামলার শিকার হয়েছেন বলে জানান তিনি।