১২ বছর পর নিজের কথা-সুরে জেমসের নতুন গান

স্টার অনলাইন রিপোর্ট

দীর্ঘ ১২ বছর পর ঈদের আগের রাতে মাহফুজ আনাম জেমসের নতুন গান আসছে। গানটার কথা ও সুর করেছেন জেমস নিজেই। গানের কথা রচনায় তার সঙ্গে ছিলেন বিশু শিকদার।

নতুন গান প্রসঙ্গে জেমস দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। তারা বলেছে যে আপনার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা করতে পারেন। এটা একজন শিল্পীর জন্য অনেক সম্মানের। নিজের মতো করে কাজ করা একজন শিল্পীর জন্য ভালো।'

'কেন আমি নতুন গান করছি? প্রযোজকদের এই অ্যাপ্রোচটা ভালো লেগে গেছে। এজন্যই করছি গান। অন্য কোনো কারণ নেই,' বলেন তিনি।

জেমস আরও বলেন, 'আগামীতে আরো কিছু গান আপনারা পাবেন। প্রথমে সিঙ্গেল হিসেবে বের করবো। পরে অ্যালবাম হিসেবে পাবেন।'

ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। জেমসকেও মিউজিক ভিডিওতে দেখা যাবে। বসুন্ধরা ডিজিটাল ইউটিউবে গানটি মুক্তি পাবে ঈদের আগের রাতে।