বাংলাদেশ থেকে খেজুরের গুড় নিয়ে যেতে চাই: পার্নো মিত্র

জাহিদ আকবর
জাহিদ আকবর

কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র বর্তমানে বাংলাদেশের নওগাঁর আত্রাইয়ের পতিসরে শুটিং করছেন। তিনি ফজলুল কবির তুহিন পরিচালিত 'বিলডাকিনী' সিনেমায় অভিনয় করছেন। শুটিংসেট থেকে গতকাল রোববার মুঠোফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

বাংলাদেশে শুটিং করতে কেমন লাগছে?

এর আগেও বাংলাদেশে এসেছিলাম ফারুকী ভাইয়ের 'ডুব' সিনেমার শুটিং করতে। বাংলাদেশকে সবসময় আমার ভালো লাগে। আগেরবার শুটিংয়ের ব্যস্ততার কারণে কিছুই দেখা হয়ে ওঠেনি। তবে, এবার সময় পেলে শুটিং শেষে কিছু স্থান ঘুরে দেখার ইচ্ছে আছে।

par3_0.jpg
পার্নো মিত্র। ছবি: ইনস্টাগ্রাম

গত ১৮ জানুয়ারি ঢাকায় এসে আত্রাইয়ের পতিসরে সরাসরি শুটিংয়ে চলে গেলেন...

এখানে শুটিং শুরু হয়েছিল ১২ জানুয়ারি থেকে। আমি দেরিতে অংশ নিয়েছি। করোনা পজিটিভ হওয়ায় কারণে শুটিংয়ে অংশগ্রহণ করতে এই দেরি হয়েছে। কিন্তু, সবার সঙ্গে যোগাযোগ ছিল। সুস্থ হয়েই শুটিংয়ে এসেছি।

'বিলডাকিনী' সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা কেমন?

এই সিনেমার নির্মাতা তুহিন ভাই, সিনেমাটোগ্রাফার সাহিল রনি, মোশাররফ ভাই, জর্জ ভাইসহ সবার কাছ থেকে অনেকে সাপোর্ট পাচ্ছি। গল্প ও সংলাপ নিয়ে আলোচনা হচ্ছে, শুটিং করছি। এই সিনেমার গল্প মন ছুঁয়েছে। জীবনের কাছের গল্প। তবে, এখানে অনেকে শীত পড়ছে। আত্রাই নদীর ওপর নৌকোয় বেশি শুটিং করতে হচ্ছে। তাই ঠাণ্ডা একটু বেশি লাগছে।

p9.jpg
পার্নো মিত্র। ছবি: ইনস্টাগ্রাম

সহশিল্পী হিসেবে আপনার সঙ্গে মোশররফ করিম আছেন, তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা বলুন...

খুবই হেল্পফুল একজন অভিনেতা মোশাররফ করিম। তিনি অভিনয় দারুণ বোঝেন। তার সঙ্গে আগে কোনো কাজ না করলেও তার অভিনয় দেখেছি। অসাধারণ একজন অভিনেতা। আমাদের দেশে তার অনেক ভক্ত। এই সিনেমায় বেশির ভাগ শুটিং তার সঙ্গে। তার সঙ্গে আমার বোঝাপড়া খারাপ হচ্ছে না।

বাংলাদেশের নাটক-সিনেমা কী দেখা হয়?

এখন ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউবের কল্যাণে এদেশের অনেকে শিল্পীর ভালো ভালো কাজ দেখতে পাই। আমাদের কলকাতায় মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী খুবই জনপ্রিয়। জয়া (জয়া আহসান) আপাও অনেক ভালো কাজ করছেন কলকাতায়। ওটিটির মাধ্যমে এখন সারা বিশ্বের বিনোদন দুনিয়া এক কাতারে চলে এসেছে।

par2.jpg
পার্নো মিত্র। ছবি: ইনস্টাগ্রাম

শুটিং শেষে বাংলাদেশ থেকে কী নিয়ে যাবেন?

এখানে শুটিং করতে এসে দেখছি রাস্তার দু'পাশে অনেক খেজুর গাছ। এই খেজুর রস থেকে এখানকার লোক পাটালি, ঝোলাগুড় বানায়। আমি খেজুরের গুড় নিয়ে যেতে চাই।

প্রসঙ্গত, 'বিলডাকিনী' সিনেমায় পার্নো মিত্রের সঙ্গে অভিনয় করছেন- মোশাররফ করিম, লুৎফর রহমান জর্জসহ অনেকেই। এর আগে তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'ডুব' সিনেমায় অভিনয় করেছিলেন।