২৪ ঘণ্টার মধ্যে আরেকটি প্রাদেশিক রাজধানী দখলে নিলো তালেবান

স্টার অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান। আজ শনিবার তালেবানদের হাতে জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের পতন হয়েছে।

আজ শনিবার আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, নিরাপত্তা বাহিনী খাজা দাকো জেলার প্রাদেশিক বিমানবন্দরে অবস্থান করছে। এটি সাবেক ভাইস প্রেসিডেন্ট মার্শাল আব্দুল রশিদ দোস্তুমের শহর এবং সেবারঘান শহর থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত।

সেবারঘান দ্বিতীয় প্রাদেশিক রাজধানী যা গত দুই দিনে তালেবানদের দখলে গেছে।

জাওজানের সংসদ সদস্যরা শহরটির নিরাপত্তা পরিস্থিতির জন্য সরকারের অমনোযোগিতাকে দায়ী করেছেন। তারা বলেছেন, সরকার এ বিষয়ে উদাসীন।

শনিবার সকালে দোস্তুমের সহযোগী সাঈদ শামসুদ্দিন সাদাত বলেন, জুনবিশের অনুগত এবং কমান্ডার আলী সারওয়ারের নেতৃত্বে অন্তত ১৫০ জন সদস্য অন্যান্য বাহিনীকে সাহায্য করতে সেবারঘানে পৌঁছেছেন।

দোস্তুমের ছেলে ইয়ার মোহাম্মদ দোস্তুম জাওজানে তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারি বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন।

সেবারঘান দখলের সঙ্গে সঙ্গে টিভি স্টেশন এবং রেডিও নেটওয়ার্কসহ ১৫টি প্রচার মাধ্যম কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তালেবান দমনের জন্য আফগান বাহিনীর অভিযান চলছে এবং দেশটির প্রাদেশিক রাজধানীর পরিস্থিতি শিগগির স্বাভাবিক হয়ে যাবে।

এর আগে, শুক্রবার তালেবানরা দক্ষিণ-পশ্চিম আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ শহর দখল করে।