৭৩টি কচ্ছপ খানজাহান আলীর মাজারের দীঘিতে অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের মোংলা থেকে উদ্ধার হওয়া ৭৩টি কচ্ছপ খান জাহান আলীর (র.) মাজারের দিঘীতে অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা কচ্ছপগুলো অবমুক্ত করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার মোংলা উপজেলার দিগরাজ বাজারের কাছে এক যৌথ অভিযান চালিয়ে কোস্টগার্ড ও বন বিভাগ ৭৩টি সন্ধি কচ্ছপসহ মনোজ রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের ভ্রাম্যমাণ আদালত মনোজ রায়কে দুই হাজার টাকা জরিমানা করে ও কচ্ছপগুলোকে খানজাহান আলীর মাজারে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

মফিজুর রহমান চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকায় কেনা কচ্ছপগুলো মোংলায় বিক্রি হয় এক হাজার থেকে দেড় হাজার টাকায়।

তিনি আরও জানান, সন্ধি প্রজাতির এই কচ্ছপগুলো মিষ্টি পানির কচ্ছপ। এই কচ্ছপ বরিশাল, গৌরনদী, চিতলমারী, মোল্লাহাটসহ বিভিন্ন জায়গায় মিঠা পানিতে বাস করে। এই কচ্ছপের সংখ্যা দিনদিন কমছে। তাই, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই কচ্ছপ ধরা ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী বাগেরহাটের জেলা প্রশাসকের উপস্থিতিতে মোংলা থেকে উদ্ধার করা কচ্ছপগুলো খানজাহান আলী (র.) এর মাজারের দিঘীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

খানজাহান আলী (র.) মাজারের প্রধান খাদেম ফকির শের আলী দ্য ডেইলি স্টারকে জানান, মাজারের দীঘিতে কুমির ও মাছসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী আছে। এই কচ্ছপগুলো ছেড়ে দেওয়ায়, দীঘিতে আরও একটি প্রাণী যুক্ত হলো।

'আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে কেউ এই কচ্ছপগুলি ধরতে না পারে বা এই কচ্ছপগুলির কোনও ক্ষতি করতে না পারে,' বলেন তিনি।

জানতে চাইলে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোস্টগার্ড এবং বন বিভাগ মোংলা থেকে ৭৩টি সন্ধি কচ্ছপ উদ্ধার করেছিল। সেগুলো মাজার সংলগ্ন দিঘীতে ছেড়ে দেওয়া হয়েছে।'