২ দিন পর বনে ফিরল খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা হাতির পাল
খাদ্যের সন্ধানে কক্সবাজারের চকোরিয়া উপজেলায় লোকালয়ে চলে আসা হাতির পাল দুই দিন পর বনে ফিরে গেছে। প্রায় ২০টি হাতির পাল উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সুজাপুর গ্রামে বৃহস্পতিবার থেকে অবস্থান করছিল।
আজ রোববার দুপুরে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হাতি দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় করেছিলেন। জানতে পেরে আমরা এলিফ্যান্ট রেসপন্স টিম নিয়ে ঘটনাস্থলে যাই৷ ভিড় করে থাকা মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে আমরা হাতিগুলোকে ধীরে ধীরে বনের ভেতর ফেরানোর চেষ্টা করি।
হাতির পালে তিনটি শাবক দেখা গেছে, বলেন তৌহিদুল ইসলাম।