সাফারি পার্কে বন্যপ্রাণী মৃত্যুর তদন্তে যোগ দেবে সিআইডি

স্টার অনলাইন রিপোর্ট

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সম্প্রতি বন্যপ্রাণী মৃত্যুর ঘটনাগুলোর তদন্তে যোগ দিতে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে রোববার সাফারি পার্ক পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, 'সিআইডির অত্যাধুনিক ল্যাব আছে। তারা মৃত বন্যপ্রাণীর নমুনা সংগ্রহ করে তদন্ত কমিটির কাছে প্রতিবেদন জমা দেবে।'

সচিব জানান, এ ঘটনায় করা তদন্ত কমিটিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৩ সদস্যের একটি কমিটিও সহযোগিতা করবে।

গত এক মাসে এই সাফারি পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও একটি বাঘিনী মারা গেছে এবং কর্তৃপক্ষ এসব ঘটনা গোপন রেখেছিল।

মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে।