ভারী বর্ষণে হাওরে আকস্মিক বন্যার পূর্বাভাস
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ রোববার কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া সাক্ষরিত এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও অন্যান্য বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহ থেকে প্রাপ্ত তথ্যের বরাতে আজ ১০ এপ্রিল থেকে আগামী ১৭ এপ্রিল দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের আসাম (বরাক অববাহিকা) ও মেঘালয় প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, লুভাছড়া, সারিগোয়াইন, ধলাগাং, পিয়াইন, বালুখালি, সোমেশ্বরী, ভুগাই-কংস, ধনু-বাউলাই নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়ে কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
একইসঙ্গে এই সময়ের (১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল) শেষে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার কিছু স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টির সম্ভাবনা আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত ১ এপ্রিল ভারতের মেঘালয়ে মাঝারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ৭ হাজার হেক্টরের বেশি বোরো আবাদ তলিয়ে যায়। ফলে, অন্তত ১২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।