বিশ্বকে জলবায়ু উদ্বাস্তুদের দায়িত্ব নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক সম্প্রদায়কে জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, বর্তমান বিশ্বব্যবস্থায় প্রত্যেকটি দেশ একে অন্যের সঙ্গে যুক্ত, এই অবস্থায় জলবায়ু উদ্বাস্তুরা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
শুক্রবার সুইডেনের রাজধানী স্টকহোমে নিরাপত্তা বিষয়ক এক গোলটেবিল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। স্টকহোম প্লাস ফিফটি আন্তর্জাতিক বৈঠকের সাইডলাইনে এই গোলটেবিলের আয়োজন করে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসীরা বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের লাখো অভিবাসীদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট কাজ করছে না।
জলবায়ু পরিবর্তন থেকে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির গুরুত্বের ব্যাপার আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী।
স্টকহোমে তিনি সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত মন্ত্রী মাতিলদা এরকরানসের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক বৈঠকে তারা জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।
রোহিঙ্গাদের তাদের নিজ দেশে নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের ওপর চাপ বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সুইডেনের মন্ত্রীর প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে তিনি এটাও বলেন যে মিয়ানমারর প্রতি গতানুগতিক মনোভাব জারি রেখে এ ব্যাপারে কোনো অগ্রগতি অর্জন করা সম্ভব হবে না।