নেদারল্যান্ডসে জলবায়ু সহনীয় ভাসমান গরুর খামার

স্টার অনলাইন ডেস্ক

নেদারল্যান্ডসের রটারডাম বন্দরের ভাসমান ক্রেন ও কন্টেইনারে দেখা মেলে এক পাল গরু। এটি বিশ্বের প্রথম ভাসমান গরুর খামার।

এমনিতেই নিচু অঞ্চল নেদারল্যান্ডস। চারণভূমি সেখানে দুষ্প্রাপ্য। তাছাড়া নিত্যদিনের হুমকি হয়ে আছে জলবায়ু পরিবর্তনের প্রভাব।

সেখানে তিন তলা বিশিষ্ট কাঁচ ও ইস্পাতের ওই স্থাপনাটির লক্ষ্য হচ্ছে 'ভবিষ্যতের উৎপাদন' ক্ষেত্র তৈরি করা।  

ভাসমান গোয়াল ঘরটির ওপরের তলায় থাকে গরু পাল। মাঝের তলায় দুধ থেকে তৈরি করা হয় পনির, দই ও মাখন। পরিপক্ক করার জন্য নিচের তলায় সংরক্ষণ করা হয় সেই পনির।

স্বামীর সঙ্গে খামারটি পরিচালনা করেন ৬০ বছর বয়সী ভ্যান উইঙ্গারডেন। তিনি বলেন, 'পৃথিবী এখন চাপের মধ্যে আছে। আমরা চাই খামারটি যতটা সম্ভব টেকসই ও স্বয়ংসম্পূর্ণ হোক।'

২০১৯ সালে তারা ভাসমান খামারটি স্থাপন করেন। তারা জানান, ভোক্তাদের সচেতনতা বাড়াতে এবং কৃষির সম্প্রসারণে তারা শহরে গ্রামের আবহ তৈরি করতে চান।

ডাচরা এখন বিশাল গ্রিনহাউজ নেটওয়ার্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।

ইউরোপের সবচেয়ে বেশি মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস নির্গমণকারী দেশগুলোর একটি হলো নেদারল্যান্ডস। এছাড়া কৃষি ক্ষেত্রে, বিশেষ করে ডেইরি খাত থেকে তারা প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপন্ন করে।

উইঙ্গারডেন বলেন, 'আমরা পানির ওপর ভাসমান। ফলে খামারটি জোয়ারের সঙ্গে দুই মিটার পর্যন্ত ওপরে ওঠে এবং নিচে নেমে আসে। তাই বন্যার সময়ও উৎপাদন চালিয়ে যেতে পারি।'