৭০ শতাংশ দর্শক থাকছে বিশ্বকাপে, টিকেট বিক্রি শুরু

স্পোর্টস ডেস্ক

করোনাভাইরাস মহামারির কারণে অনেক খেলাই হয়েছে দর্শকহীনভাবে। তবে সাম্প্রতিক সময়ে মাঠে আসার সুযোগ পাচ্ছেন দর্শকরা। শঙ্কা থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্যালারি ফাঁকা থাকছে না। মোট আসন সংখ্যান ৭০ শতাংশ দর্শক প্রবেশের সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আইসিসি এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপের সংযুক্ত আরব আমিরাতে হওয়া মূল পর্বে ৭০ শতাংশ দর্শক রাখা হবে। তবে ওমানে প্রাথমিক রাউন্ডে কমসংখ্যক দর্শক রাখা হবে তা এখনো যাচাই বাছাই করা হচ্ছে।

ওমানে হয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে গ্যালারির দর্শক আসন কমে যাওয়ার একটা শঙ্কা থাকছে। এমনিতে আল আমিরাত স্টেডিয়ামে ৩ হাজার মানুষের খেলা দেখার ব্যবস্থা আছে।

আইসিসি জানায়, সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহতে মোট আসনের সর্বোচ্চ ৭০ শতাংশ মানুষকে প্রবেশ করানো যাবে। তবে আলাদা নিয়ম থাকায় আবুধাবির বেলায় সামাজিক দূরত্ব আরও কঠোরভাবে পালন করা হবে।

আসন সংখ্যার গাইডলাইন দেওয়ার পাশাপাশি টিকেটও উন্মুক্ত করে দিয়েছে আইসিসি। আগ্রহী দর্শকরা https://www.t20worldcup.com/tickets  গিয়ে বিশ্বকাপের টিকেট কাটতে পারবেন।