‘স্পিনার বেশি থাকবে না, এটা বলে দিলাম’
ওমানের আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে আগেরদিনও সবুজ মাঠ থেকে উইকেট আলাদা করতে হচ্ছিল কেবল স্টাম্প পোঁতা দেখে। অর্থাৎ পুরো সবুজে আচ্ছাদিত এক বাইশ গজ। নিশ্চিতভাবেই ম্যাচের দিন সকালে ঘাস ছেঁটে ফেলা হবে অনেকটা। কিন্তু তাতেও উইকেটে স্পিনারদের বেশি সহায়তা থাকার কথা না। অধিনায়ক মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনেই স্পষ্ট জানিয়েছেন একাদশে স্পিনারদের প্রাধান্য থাকবে না।
ঘরের মাঠে স্পিনারদের দিয়েই বেশি ওভার করিয়ে সাফল্য পায় বাংলাদেশ। বিশ্বকাপে সেটা হচ্ছে না। স্পিন না পেস, প্রশ্ন উঠতেই মাহমুদউল্লাহ তাই বলে দেন, 'একাদশে স্পিনার বেশি থাকবে না, এটা আপনাকে বলে দিলাম।'
দল সূত্রের খবর অন্তত তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে নামবে বাংলাদেশ। সেইসঙ্গে সৌম্য সরকারকেও একাদশে রাখা হতে পারে তার মিডিয়াম পেস কাজে লাগানোর জন্য।
বাংলাদেশের স্পিন আক্রমণে নেতৃত্বে থাকবেন সাকিব আল হাসান। তার সঙ্গে শেখ মেহেদী হাসানই আছেন এগিয়ে। প্রস্তুতি ম্যাচগুলোতে খরুচে বল করায় নাসুম আহমেদের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ থাকছেনই। তাদের সঙ্গে খেলবেন শরিফুল ইসলাম বা মোহাম্মদ সাইফুদ্দিনের একজন।
অর্থাৎ তিনজন পেসার ও দুই স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। নিয়মিত এই পাঁচ বোলারের বাইরে বিকল্পও থাকছে হাতে। এদের মধ্যে কেউ খারাপ করলে সৌম্যকে কাজে লাগানো হতে পারে। মাহমুদউল্লাহ, আফিফ হোসেন অফ স্পিন করতে পারলেও উইকেটের বিবেচনায় ম্যাচে তাদের বল পাওয়ার সম্ভাবনা কম।
আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই লাল সবুজের প্রতিনিধিদের।