স্পিনার কমিয়ে বিশ্বকাপ দলে পেসার বাড়াল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পাঁচ স্পিনার রেখে কৌতূহল তৈরি করেছিল ভারত। তবে বিশ্বকাপের সময় ঘনিয়ে আসতে বদলে গেল বাস্তবতা। ফিঙ্গার স্পিনার অক্ষর প্যাটেলকে মূল স্কোয়াড থেকে সরিয়ে পেসার শার্দূল ঠাকুরকে স্কোয়াডে নিল বিরাট কোহলির দল।
বুধবার এক বিবৃতিতে বিশ্বকাপ দলে বদল আনার কথা জানায় ভারত। রিজার্ভ তালিকায় থাকা শার্দুলকে মূল স্কোয়াডে এনে অক্ষরকে রিজার্ভ তালিকায় পাঠিয়েছে তারা। এই বদলের পর ভারতের স্কোয়াডে এখন ৪ জন স্পিনার। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াসহ পেসার পাঁচজন।
আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডে খেলা দলগুলো বিশ্বকাপ স্কোয়াডে বদল আনতে পারত ১০ অক্টোবর পর্যন্ত। তবে সুপার টুয়েলভের দলগুলো খেলা পরে শুরু হওয়ায় তারা স্কোয়াডে বদল আনার সুযোগ পাচ্ছে ১৫ অক্টোবর পর্যন্ত। সেই সুযোগই কাজে লাগাল ভারত।
একজন স্পিনার কমলেও এখনো স্পিন বিভাগে ভারতের যথেষ্ট বৈচিত্র্য আছে। বাঁহাতি স্পিনে আছেন রবীন্দ্র জাদেজা, ব্যাটিং সামর্থ্যের দিক থেকেও তিনি দলের অন্যতম ভরসা। আছেন অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। দুই লেগ স্পিনার রাহুল চাহার আর বরুন চক্রবর্তীর মধ্যেও আছে ধরনে কিছুটা বৈচিত্র্য।
পেস আক্রমণে নেতৃত্বে থাকবেন জাসপ্রিট বুমরাহ। ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, পান্ডিয়ার সঙ্গে ঠাঁই পেলেন শার্দুল।
ভারতের হয়ে ২২টি টি-টোয়েন্টি খেলে এখন পর্যন্ত ৩১ উইকেট তার। ব্যাট হাতেও বেশ কার্যকর শার্দুল। শেষ দিকে নেমে তুলতে পারেন দ্রুত কিছু রান।
মূল স্কোয়াডের বাইরে আইপিএল খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে দলের সঙ্গেই রাখছে ভারত। আবেশ খান, উমরান মালিক, হার্শাল প্যাটেল, লুকমান মেরিওয়ালা, ভেঙ্কেটেশ আইয়ার, কর্ন শর্মা, শাহবাজ আহমেদ ও কৃষ্ণপা গৌতম দলের প্রস্তুতির সহায়তায় জৈব সুরক্ষা বলয়ে থাকবেন।
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবীচন্দ্রন অশ্বিন, ইশান কিশান, রাহুল চাহার, বরুণ চক্রবর্তী, শার্দুল ঠাকুর
রিজার্ভ বেঞ্চ- অক্ষর প্যাটেল, দীপক চাহার, শ্রেয়াস আইয়ার।