সেমি-ফাইনাল নয়, বাংলাদেশের ভাবনায় কেবল উইন্ডিজ ম্যাচ
দেশ ছাড়ার আগে সেমি-ফাইনালে খেলার স্বপ্নের কথা শুনিয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। কিন্তু সেই স্বপ্ন পূরণ করা এখন অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। রীতিমতো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে টাইগারদের। আর একটি ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে এখন আর সেমি-ফাইনাল নিয়ে ভাবছে না বাংলাদেশ। তাদের ভাবনায় এখন কেবলই ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান শুনিয়ে গেলেন বাস্তবতার কথা, 'শ্রীলঙ্কার সাথে আমরা ক্লোজ একটা ম্যাচ হেরেছি এবং আমার কাছে মনে হয় যে আমাদের টুর্নামেন্টে টিকে থাকলে হলে পরের ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা ওটার উপরই ফোকাস দিচ্ছি।'
আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেই তখন সেমি-ফাইনালে খেলার আশাটা বাড়বে বলে মনে করেন সোহান, 'আমি যেটা বললাম, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কালকের ম্যাচটা। কালকের ম্যাচটা যদি জিততে পারি, তাহলে সেমিফাইনালে খেলার যে আশার কথা দেশ থেকেই আমরা অনেকে বলে এসেছি, সেই আশাটা থাকবে।'
টানা দুই হারের দলের আত্মবিশ্বাসও তলানিতে। সেই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য ক্যারিবিয়াদের বিপক্ষে জয় প্রয়োজন বলে মনে করেন এ উইকেটরক্ষক ব্যাটার, 'যদি আমরা কালকের ম্যাচটা ভালোভাবে শুরু ও শেষ করতে পারি, তাহলে হয়তো পরের যে ম্যাচগুলো আছে, সেগুলো আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। আমার মনে হয় যে, পুরো দলটাই চাঙা হয়ে যাবে। যেহেতু আমরা প্রথম দুটি ম্যাচ হেরেছি, আমরা অবশ্যই ব্যাকফুটে আছি। তো কালকের ম্যাচটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।'
শারজাহতে আগামীকাল বাংলাদেশের লড়াইটা যেমন অস্তিত্ব রক্ষার, তেমনি ক্যারিবিয়ানদেরও। তবে তাদের বিপক্ষে বিশেষ কোনো পরিকল্পনা নয়, অন্য সব ম্যাচের মতোই জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। সোহানের ভাষায়, 'সত্যিকার অর্থে বাংলাদেশ টিমের হয়ে প্রতিদিন খেলতে নামার আগে সবাই আমরা যেভাবে প্রতিটা ম্যাচই জিতার জন্য আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করি, অবশ্যই পরের ম্যাচেও এটাই চেষ্টা করব।'
সাম্প্রতিক সময়ে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ফলাফল বেশ ভালো। ২০১৮ সালে সিরিজ জিতেছিল বাংলাদেশ। পরের বছর সিরিজ হারলেও একটি দারুণ জয় ছিল তাদের। সেই ম্যাচগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে মাঠে নামায় প্রত্যয় দেখালেন সোহান, 'উইন্ডোজের সাথে শেষ যে দুইটা সিরিজ হয়েছে, টি-টোয়েন্টিতে ভালো খেলেছি, তো ওটা আমাদের ভালো অনুপ্রেরণা দিবে।'
তবে টি-টোয়েন্টির এ সংস্করণে বরাবরই ভালো খেলে ক্যারিবিয়ানরা। বর্তমান চ্যাম্পিয়নও তারা। বিশ্বকাপে তাদের ফলাফলও বেশ ভালো। তবে ব্যাপারটা ভিন্ন। বাংলাদেশের মতো সুপার টুয়েলভে তারাও দুই ম্যাচে হেরে গেছে। তবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে টাইগাররা।