সেই স্কটল্যান্ডকে সহজেই হারালো নামিবিয়া
প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। যে কারণে সুপার টুয়েলভে কঠিন গ্রুপে পড়েছে টাইগাররা। দুই ম্যাচে এখনও জয়ের দেখা মিলেনি। অথচ সেই স্কটল্যান্ডকে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়ার। সুপার টুয়েলভে দারুণ সূচনা করেছে নবাগত দলটি।
আবুধাবি জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে নামিবিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। জবাবে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দলটি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে টানা তৃতীয় জয়ে স্বপ্নযাত্রা ছুটছেই তাদের।
ছোট লক্ষ্যে শুরুতে দেখেশুনেই ব্যাট করে নামিবিয়া। দুই ওপেনার ক্রেইগ উইলিয়ামস প মাইকেল ভ্যান লিংগান গড়েন ২৮ রানের জুটি। লিংগানের বিদায়ে ভাঙে এ জুটি। এরপর জেন গ্রিনের সঙ্গে ২২ রানের আরও একটি ছোট জুটিতে দলকে গিয়ে নেন উইলিয়ামস। কিন্তু এ জুটি ভাঙতে ১৭ রানের ব্যবধানে তিন উইকেট তুলে ম্যাচে ফিরেছিল স্কটল্যান্ড।
তবে পঞ্চম উইকেটে ডেভিড ভিসের সঙ্গে জনাথন স্মিতের ৩৫ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় নামিবিয়া। এ জুটি ভাঙার পর আরও একটি উইকেট তুলে নিয়েছিল স্কটল্যান্ড। তবে তাতে লাভ হয়নি। পরাজয়ের ব্যবধানই কেবল কমেছে।
সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন স্মিত। দারুণ এক ছক্কায় ম্যাচ শেষ করেন তিনি। নিজের ইনিংসটি ২৩ বলে ২টি করে চার ও ছক্কায় সাজান এ ব্যাটার। ২৯ বলে ২৩ রানের ইনিংস খেলেন উইলিয়ামস। স্কটল্যান্ডের পক্ষে ১২ রানের খরচায় ২টি উইকেট পেয়েছেন লিস্ক।
টস জিতে প্রথমে বোলিং নিয়ে কি দারুণ শুরুই না করে নামিবিয়া। অসাধারণ বোলিংয়ে প্রথম চার বলেই স্কটিশদের তিন উইকেট তুলে নেন রুবেন ট্রাম্পেলমান। ফলে শুরুতেই বড় চাপে পড়ে স্কটল্যান্ড। পাওয়ার প্লেতে শেষ না হতে আরও একটি তুলে নেয় নামিবিয়া। ফলে মাত্র ২২ রান আসে পাওয়ার প্লেতে।
এরপর ম্যাথিউ ক্রসকে নিয়ে ইনিংস মেরামতের কাজে নামেন মাইকেল লিস্ক। ৩৯ রানের জুটিতে চেষ্টা চালান এ দুই ব্যাটার। ক্রসকে বোল্ড করে এ জুটি ভাঙেন জেন ফ্র্যাইলিঙ্ক। এরপর ক্রিস গ্রেভসকে ফের দলের হাল ধরেন লিস্ক। ৩৬ রানের জুটিতে চাপ কাটিয়ে উঠেছিলেন তারা। তবে লিস্কের বিদায়ে সংগ্রহটা বড় করতে পারেনি তারা। কোনো মতে শতরানের কোটা পার করে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন লিস্ক। রানের গতি সচল ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস খেলেন তিনি। গ্রেভসের ব্যাট থেকে আসে ২৫ রান। এছাড়া ক্রস করেন ১৯ রান। নামিবিয়ার পক্ষে ১৭ রানের খরচায় ৩টি উইকেট নেন ট্রাম্পেলমান। ২টি শিকার ফ্র্যাইলিঙ্কের।