'সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় খুবই হতাশ'

ক্রীড়া প্রতিবেদক

দেশের কোটি কোটি মানুষের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। ম্যাচের ভেন্যু শারজাহ স্টেডিয়ামও যেন পরিণত হয়েছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে! উপস্থিত দর্শকদের অধিকাংশই গলা ফাটাচ্ছিলেন লাল-সবুজ জার্সিধারীদের হয়ে। কিন্তু শেষ বলের পর তাদের চোখে-মুখে নেমে আসে বিষাদের কালো ছায়া। হারের পর হতাশ বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বার্তা দিলেন জয়ের প্রত্যাশায় থাকা ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে।

শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা তৃতীয় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেটে শেষ পর্যন্ত লড়াইয়ে থেকে মাত্র ৩ রানে পরাস্ত হয়েছে মাহমুদউল্লাহর দল। টস হেরে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৭ উইকেটে ১৪২ রান। জবাবে ৫ উইকেটে ১৩৯ রানে থামে বাংলাদেশ।

স্কটল্যান্ডের কাছে হেরে প্রথম রাউন্ড শুরু করার পর ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে ওঠে বাংলাদেশ। কিন্তু এই পর্বে টানা ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে দলকে। শ্রীলঙ্কা, ইংল্যান্ডের পর উইন্ডিজের সঙ্গেও পেরে ওঠেনি তারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের পাশাপাশি মাঠে তাদের শরীরী ভাষাও হচ্ছে প্রশ্নবিদ্ধ।

উইন্ডিজের সঙ্গে আশা জাগিয়েও হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, 'তাদের (সমর্থকদের) প্রত্যাশা পূরণ করতে না পারায় আমি খুবই হতাশ। তারা সবগুলো ম্যাচে আমাদের সমর্থন করে গেছে। অনুগ্রহ করে আমাদের সমর্থন করা চালিয়ে যান এবং আমরা জয় উপহার দেওয়ার চেষ্টা করব।'

তিনি যোগ করেছেন, 'অবশ্যই আমরা আমাদের সম্মানের জন্য খেলব। আমরা একটি জয়ের জন্য ভীষণ চেষ্টা করছি। আরও দুটি ম্যাচ বাকি আছে। আমরা অবশ্যই জয়ের জন্য সবকিছু উজাড় করে দিব।'

উইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বলা চলে শেষ হয়ে গেছে বাংলাদেশের। সুপার টুয়েলভে আরও দুটি ম্যাচ বাকি আছে তাদের। আগামী মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার পর বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে তারা।