সব ম্যাচ দিনে হওয়ায় সুবিধা দেখছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সুপার টুয়েলভে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে দিনের আলোয়। সূচির এই ভারসাম্যহীনতা এই নিয়ে এরমধ্যেই আলোচনা হচ্ছে। তবে বাংলাদেশ এতে দেখছে সুবিধাই। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন, দিনের বেলা খেলা হওয়ায় শিশিরের কথা মাথায় আনতে হবে না। স্পিনাররা রাখতে পারবেন বড় ভূমিকা।

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের মাথায় ছিল ভারত-পাকিস্তানের গ্রুপ-২। তবে টুর্নামেন্টের তিন দিনের খেলা হওয়ার পর  গ্রুপ সিডিং বদলে যাওয়ায় বদলে যায় হিসেব নিকেশ। স্কটল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ প্রথম পর্বে রানার্সআপ হয়ে পা রাখে গ্রুপ-১ এ। যেখানে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

রোববার বিকেল চারটায় শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আবুধাবি, দুবাই, শারজাহ তিন ভেন্যু মিলিয়ে বাংলাদেশের পাঁচ ম্যাচই একই সময়ে।

প্রথম আগের দিন শনিবার দলের অফিসিয়াল সংবাদ সম্মেলনে এই সময়সূচি নিয়ে স্বস্তির কথাই শোনালেন ডমিঙ্গো, 'দুপুর ২টায় খেলা হওয়ায় আমরা খুশি। এটা আমাদের জন্য মানাবে বেশি। শিশিরের হিসেব মাথায় রাখতে হবে না। আমার মনে হয় আমাদের স্পিনাররা ভালোভাবেই ম্যাচে থাকবে। আমরা জানি অন্য দলগুলো এটা নিয়ে অনেক ভাবছে।'

বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তানের কথা ভেবে হোম ওয়ার্ক করে এলেও অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাকে পাচ্ছে বাংলাদেশ। তবে এতে বড় কোন সমস্যা দেখছেন না কোচ,  'আমরা জানি যেকোনো দল যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। আপনি এই গ্রুপে থাকেন বা অন্য গ্রুপে। দুই গ্রুপই সমানভাবে কঠিন। এখানে কোন বাড়তি সুবিধা বা অসুবিধা নেই।'

আরও পড়ুন-  সুপার টুয়েলভে বাংলাদেশের সব ম্যাচ বিকেলে