'রিমেম্বার দ্য নেম,' আসিফকে নিয়ে বললেন স্টোকস

স্পোর্টস ডেস্ক

২০১৬ সালে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের শেষ ওভারে রচিত হয়েছিল ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক আখ্যান। জয়ের জন্য উইন্ডিজের প্রয়োজন ছিল ১৯ রান। ছক্কার বৃষ্টিতে দুই বল বাকি থাকতেই সমীকরণ মিলিয়ে দলকে শিরোপার উল্লাসে মাতোয়ারা করেছিলেন কার্লোস ব্র্যাথওয়েট।

টানা চার ছক্কা ছড়িয়েছিল বিস্ময়, ছড়িয়েছিল রোমাঞ্চ। সেসময় ধারাভাষ্য দিতে থাকা সাবেক ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ইয়ান বিশপ অভিভূত হয়ে বলে উঠেছিলেন, 'কার্লোস ব্র্যাথওয়েট! কার্লোস ব্র্যাথওয়েট! রিমেম্বার দ্য নেম।' অর্থাৎ নামটা মনে রাখুন।

উইন্ডিজের উৎসবের বিপরীতে একজনকে তখন গ্রাস করেছিল রাজ্যের হতাশা। কিছুই যেন বুঝে উঠতে পারছেন না, তার চোখে-মুখে ফুটে উঠেছিল এমন অভিব্যক্তি। বলা হচ্ছে, ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের কথা। তার করা ২০তম ওভারের প্রথম চার ডেলিভারিতেই ছক্কাগুলো মেরেছিলেন ব্র্যাথওয়েট।

stokes.jpg
ছবি: এএফপি

আগের দিন শুক্রবার পাকিস্তানের আসিফ আলীর তাণ্ডব দেখে স্টোকসকে যেন পেয়ে বসল স্মৃতিকাতরতা। তিনি ফিরে গেলেন পাঁচ বছর আগের সেই ফাইনালে। তবে এবার বোধহয় বিষাদে পুড়লেন না, হলেন মুগ্ধ। এক ওভারে আসিফের চার ছক্কার পর বিশপের সুরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখলেন, 'রিমেম্বার দ্য নেম, আসিফ আলী।' অর্থাৎ ক্রিকেটপ্রেমীদের আসিফের নামটা স্মরণে রাখা উচিত।

আসিফের কল্যাণে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কঠিন সমীকরণ সহজে মিলিয়ে ৫ উইকেটে জিতেছে পাকিস্তান। দুবাইতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৭ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে ৬ বল হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাবর আজমের দল। ম্যাচসেরা অপরাজিত ইনিংসে আসিফ করেন ৭ বলে ২৫ রান।

অধিনায়ক বাবর আউট হওয়ার পর আসিফ যখন উইকেটে যান, তখন পাকিস্তানের প্রয়োজন ছিল ১৮ বলে ২৬ রান। হাতে ৬ উইকেট থাকায় সহজ বলেই মনে হচ্ছিল। কিন্তু আফগান পেসার নাভিন উল হকের পরের ওভারটি ছিল ভীষণ আঁটসাঁট। মাত্র ২ রান দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ শোয়েব মালিককে সাজঘরে ফেরান তিনি। তাতে শঙ্কায় পড়ে যায় পাকিস্তান। সমীকরণ দাঁড়ায় ১২ বলে ২৪ রানের।

asif.jpg
ছবি: টুইটার

তবে ডানহাতি ব্যাটসম্যান আসিফ আত্মবিশ্বাস রেখেছিলেন নিজের ওপর। করিম জানাতের করা পরের ওভারে একাই খেলা শেষ করে দেন তিনি। বিস্ফোরক ব্যাটিংয়ে মারেন চার চারটি ছক্কা! ওভারটি ছিল এমন- ছয়, ডট, ছয়, ডট, ছয় ও ছয়। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেও ঝড় তোলা আসিফকে নিয়ে এরপরই চর্চা শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে যোগ দিলেন স্টোকসও।

উল্লেখ্য, চোট এবং মানসিক সুস্বাস্থ্যের কথা ভেবে ক্রিকেট থেকে লম্বা সময়ের জন্য বিরতি নিয়েছিলেন স্টোকস। তবে আশার খবর হলো, তাকে ঘিরে থাকা সংশয়ের কালো মেঘ সরে গেছে। অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য তাকে দলে নিয়েছে ইংল্যান্ড।