মোস্তাফিজের শেষ ওভারে ৩ ছক্কায় মোমেন্টাম পায় ওয়েস্ট ইন্ডিজ
মন্থর উইকেটে দারুণ বল করে ওয়েস্ট ইন্ডিজকে নাগালের মধ্যেই আটকে রাখার পথে ছিল বাংলাদেশ। কিন্তু ইনিংসের শেষ ওভারে মোস্তাফিজুর রহমান ৩ ছক্কায় দিয়ে দেন ১৯ রান। জেসন হোল্ডার মনে করছেন ওই ওভারেই ম্যাচের মোমেন্টাম পেয়ে যান তারা। যা কাজে লাগিয়ে পরে বাংলাদেশকে হতাশায় পুড়ান ৩ রানে।
শুক্রবার শারজায় ওয়েস্ট ইন্ডিজের ১৪২ রান টপকাতে গিয়ে ১৩৯ রানে থামে মাহমুদউল্লাহর দল। মন্থর উইকেটে বাকি বোলাররা ভাল করলেও মোস্তাফিজ ছিলেন খরুচে। ২ উইকেট নিলেও তার ৪ ওভার থেকে আসে ৪৩ রান।
২০তম ওভারের প্রথম বলে ডোয়াইন ব্রাভোকে আউট করেছিলেন মোস্তাফিজ। হোল্ডারকে পরের বলটা তিনি দিয়েছিলেন লেগ স্টাম্পেরি বাইরে ফুলটস। তা সহজেই গ্যালারিতে পাঠান হোল্ডার। পরের বলেও ছক্কায় মোস্তাফিজকে উড়ান হোল্ডার। চতুর্থ বলে ১ রান নেওয়ার পর শেষ বলেও ফিজকে ছক্কা মারেন কাইরন পোলার্ড।
৫ বলে ১৫ রান, ২২ রানে ১ উইকেট আর লিটনের অসাধারণ ক্যাচ নিয়ে দলের জয়ে অবদান রাখা হোল্ডার এসেছিলেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। তার মতে ম্যাচে তাদের অনেকগুলো টার্নিং পয়েন্টের একটা মোস্তাফিজের শেষ ওভার। যাতে মিলেছিল মোমেন্টাম, 'শেষ ওভারটা আমাদের মোমেন্টাম পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা তিন ছক্কা মেরেছি, যেটার কারণে একটা ভালো সংগ্রহ এসেছে। আমি মনে করেছি ১৪০ (১৪২) আসলে খুব ভালো পুঁজি।'
'আমি মনে করেছিলাম আমাদের বোলিং আক্রমণ এটা আটকাবে, সেটাই প্রমাণ হয়েছে। ব্যাটসম্যানদের কৃতিত্ব দেব ১৪০ করায়, বোলারদের কৃতিত্ব দেব স্নায়ু ধরে রেখে কাজটা সারায়।'