'ভারত-পাকিস্তান ফাইনাল হলে সম্পর্ক আরও মজবুত হবে'
প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে হার। তাও ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এমন হারের পরও ম্যাচশেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে ভারতীয় ক্রিকেটারদের। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে বিষয়টি নজরে এসেছে সবারই। নিজের মধ্যে এমন সৌহার্দ বজায় রাখতে বিশ্বকাপে আরও একটি ভারত-পাকিস্তানের ম্যাচ চান পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাকলায়েন মুস্তাক। তাই এ দুই দেশের ফাইনাল কামনা করছেন তিনি।
রাজনৈতিক কারণে এমনিতেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন বন্ধ রয়েছে অনেক বছর থেকেই। আইসিসির ইভেন্টগুলোই ভরসা। সাকলায়েনের মতে ক্রিকেটই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে পারে। ম্যাচে উভয় দলের খেলোয়াড়দের ক্রীড়া আচরণ মানবতার একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে বলেই মনে করেন এ কিংবদন্তি, 'আরও একটি ম্যাচ বেশি খেললে আমাদের মধ্যে সম্পর্কটা আরও ভালো হবে।'
এবারের আসরে শুরুতেই দুই কঠিন প্রতিপক্ষকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পথ অনেকটা সহজে করে ফেলেছে পাকিস্তান। সাকলাইনের বিশ্বাস শেষ পর্যন্ত ফাইনালেই খেলবে তার দল। আর সেখানে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলে আরও ভালো হবে বলে জানান এ সাবেক তারকা, 'যদি ভারত ফাইনালে উঠতে পারে, এটা খুবই ভালো হবে। কারণ আমি মনে করি, ব্যাপারটা এমন নয় যে আমরা তাদের হারিয়েছে বলে বলছি, তারা খুবই শক্তিশালী দল। প্রত্যেকেই তাদের ফেভারিট হিসেবেই মানে।'
ম্যাচ শেষে খেলোয়াড়দের এমন বন্ধুত্বপূর্ণ আচরণে দারুণ উচ্ছ্বসিত এ পাকিস্তানী, 'আগের ম্যাচে বিরাট কোহলি, এমএস ধোনি এবং এমনকি আমাদের নিজেদের খেলোয়াড়রাও নিজেদের দারুণভাবে পরিচালনা করেছে। এটা শক্তিশালী একটি বার্তা দেয় যে, আমরা সবাই মানুষ, আমরা সবাই একে অপরকে ভালোবাসি এবং এটা কেবলই একটা খেলা। সকল খেলোয়াড়দের এমন বার্তায় টুপি খোলা অভিনন্দন। বন্ধুত্বের জয় হোক, শত্রুতার হার হোক।'
তবে ভারত ও পাকিস্তান ছাড়াও আসরে আরও বেশ কিছু দলকে ফেভারিট মানছেন সাকলায়েন। বিশেষকরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার খেলা মনে ধরেছে তারা। এমনকি দক্ষিণ আফ্রিকাকেও রেখেছেন তালিকায়। তবে শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তানকেই ফাইনালে দেখতে চান এ সাবেক তারকা।