ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল
প্রথম রাউন্ডের মতো সুপার টুয়েলভের প্রথম লড়াইয়েও হেরে গেছে বাংলাদেশ। তবে প্রথম রাউন্ডের মতো এবার কি ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা? উত্তরটা মিলবে হয়তো ঘণ্টা চারেক পরই। এবার টাইগারদের সামনে ইংল্যান্ড। ২০১০ সালের চ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম ম্যাচে যারা আবার পেয়েছে এক উড়ন্ত জয়।
বুধবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর মিশনের শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বেছে নিয়েছেন ব্যাটিং। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হচ্ছে ম্যাচটি।
টি-টোয়েন্টি সংস্করণে আজই প্রথম ইংলিশদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আর প্রথম লড়াইটাই ধরতে গেলে বাঁচা মরার। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে আজ জিততেই হবে তাদের। হারলেই যে বিদায় নিশ্চিত হবে, তাও নয়। তবে সেক্ষেত্রে সমীকরণটা হয়ে যাবে বেশ কঠিন। শেষ লড়াইগুলোতে জয়ের পাশাপাশি অন্য দলের ফলাফলেও নির্ভর করতে হবে। তাই জয়ের বিকল্প ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা।
পিঠের চোটে পড়ে মোহাম্মদ সাইফউদ্দিনের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় এক পরিবর্তন ছিল নিশ্চিত। তার জায়গায় একাদশে ঢুকেছেন শরিফুল ইসলাম। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছেন তিনি। ছাড়া অনুশীলনে তাসকিন আহমেদের বলে চোট পাওয়ায় একাদশ থেকে বাদ পড়ার শঙ্কা উড়িয়ে আছেন নুরুল হাসান সোহান।
সাম্প্রতিক সময়ের অফফর্ম ও লঙ্কানদের বিপক্ষে ক্যাচ মিসের কারণে লিটন দাসকে একাদশে রাখা নিয়ে চলছিল নানা আলোচনা-সমালোচনা। তবে সব ছাপিয়ে তার উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। আরও একটি সুযোগ পাচ্ছেন তিনি।
বাংলাদেশ নিজেদের একাদশে পরিবর্তন আনলেও কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে দলটি।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো অবস্থানে থেকেও হারতে হয়েছে টাইগারদের। মূলত লিটন দাসের দুটি সহজ ক্যাচ মিস ম্যাচ থেকে ছিটকে দেয় টাইগারদের। এছাড়া মাহমুদউল্লাহর দুর্বল নেতৃত্বও ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে নিজের প্রথম ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ইংলিশরা। মাত্র ৫৫ রানে অলআউট করে দেয় ক্যারিবিয়ানদের।
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড: জেসন রয়, জস বাটলার, জনি বেয়ারস্টো, মইন আলী, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগান, ডেভিড মালান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।