বিশ্বকাপের আগে আরেক ধাক্কা খেল ইংল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগেই বেন স্টোকস আর জোফরা আর্চারকে হারিয়েছিল ইংল্যান্ড। এবার ঘোষিত স্কোয়াডেও একটা ধাক্কা খেল তারা। পীঠের চোটে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার স্যাম কারান।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, স্যামের জায়গায় তার ভাই টম কারানকে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত করা হয়েছে। রিজার্ভ তালিকা থেকে টম মূল স্কোয়াডে চলে যাওয়ায় রিজার্ভে নেওয়া হয়েছে রিস টপলিকে।
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছিলেন স্যাম। গত শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের পরই পীঠের ব্যথা অনুভব করেন তিনি। ওই ম্যাচে তিনি আর ব্যাট করতে পারেননি। বল হাতে ৪ ওভারে খরচ করেন ৫৫ রান।
'স্ক্যান করার পর পরীক্ষায় একটা সমস্যা ধরা পড়েছে। সে যুক্তরাজ্যে ফিরে যাবে। আগামী কয়েকদিন সেখানেই ইসিবির মেডিকেল দলের তত্ত্বাবধায়নে পুনর্বাসন চালাবে।'
এবার আমিরাতে ধাপে আইপিএলে খুব একটা ভালো করতে পারেননি স্যাম। ১১১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তার বদলে ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর উপরই আস্থা রাখছিল চেন্নাই।
স্যামের জায়গায় দলে আসা টম দ্য হানড্রেড টুর্নামেন্টে ওভাল ইনভিন্সিবলের হয়ে ৮ ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের বেশিরভাগই এখন আইপিলে খেলছেন। আইপিএলে না থাকা বাকি ক্রিকেটার ও সাপোরর স্টাফ মঙ্গলবার ওমানের মাস্কাটে এসেছেন। সেখানে চলবে তাদের ছোট্ট ক্যাম্প।
বিশ্বকাপের আগে আগামী ১৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। বিশ্বকাপে ইংল্যান্ড আছে গ্রুপ-১-এ। ২৩ অক্টোবর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
মানসিক অবসাদে বেশ কয়েকদিন ধরে ক্রিকেটের বাইরে আছেন স্টোকস। বিশ্বকাপে তাকে তাই পাচ্ছে না ইংল্যান্ড। চোটে থাকায় নেই আর্চার। স্যাম কারানকেও হারানোয় ওয়েন মরগ্যানের দলের শক্তি কিছুটা কমল।
ইংল্যান্ডের পরিবর্তীত বিশ্বকাপ স্কোয়াড: ওয়েন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
রিজার্ভ: লিয়াম ডসন ও জেমস ভিন্স, রিস টপলি।