বিশ্বকাপে ফেবারিট কারা, জানালেন বাটলার
টি-টোয়েন্টি বিশ্বকাপ দোরগোড়ায়। দলগুলোর শক্তি, তফাৎ নিয়েও তাই তৈরি হয়েছে আলোচনা। কাদের মূলত এবারের বিশ্বকাপ জিতে নেওয়ার সম্ভাবনা বেশি সেই আলাপে সামিল হচ্ছেন অনেকে। ইংল্যান্ডের কিপার ব্যাটসম্যান জস বাটলার তাতে যোগ দিয়ে নিজেদেরই রাখলেন সবার উপরে। তবে ফেবারিট তালিকায় আরও দুটি দলের নাম নিয়েছেন তিনি।
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রাথমিক রাউন্ড। সুপার টুয়েলভে মূল পর্বের লড়াই ২৩ অক্টোবর থেকে। যুক্তরাষ্ট্র একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে তাই প্রাসঙ্গিক ক্রমে বিশ্বকাপ নিয়ে নিজের মতামত দিয়েছেন বিস্ফোরক ব্যাটার বাটলার, 'আমি মনে করির আমরা অবশ্যই ফেবারিটদের একটি। আমাদের দলটা দুর্দান্ত। বেন স্টোকস, জোফরা আর্চারের মতো দুজন বড় তারকার ঘাটতি অনুভব করব। কিন্তু এর বাইরেও তালিকাটা দেখেন, আমাদের স্কোয়াডে সত্যিকারের ম্যাচ জেতানো রোমাঞ্চকর খেলোয়াড় আছে।'
সম্ভাবনার বিচারে ইংল্যান্ডের ঠিক পরেই ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে রেখেছেন তিনি তবু তার মতে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে তারাই সেরা হবেন, 'আরও কয়েকটি দল দারুণ। বিশেষ করে আমি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কথা বলব। তারা আসলেই খুব শক্তিশালী। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই বড় শক্তি, ওদের ছক্কা মারার সামর্থ্য সবচেয়ে বেশি। কিন্তু আমার মনে হয় আমরাও খুব ভাল দল। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা বড় কিছু অর্জন করব।'
২০১৬ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে কার্লোস ব্র্যাথওয়েটের চার ছক্কায় হতাশায় পুড়েছিল ইংল্যান্ড। সেই ক্ষত সরিয়ে তাদের দল আরও অনেক বেশি পরিপক্ব বলে জানান বাটলার, 'সব শেষ বিশ্বকাপ হয়েছিল চার বছর আগে (২০১৬ সালে)। এরপর আমাদের অভিজ্ঞতা বেড়েছে, আইপিএল, বিগ ব্যাশ, ইংল্যান্ডের হয়ে প্রচুর ম্যাচ খেলেছি আমরা সবাই। কীভাবে চাপ সামলাতে হয় সেটা আমাদের আয়ত্ত্বে এসেছে।'
বিশ্বকাপে ইংল্যান্ড আছে গ্রুপ-১-এ। সেখানে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও প্রাথমিক পর্ব পেরিয়ে আসা দুটি দল। ২৩ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা।