বাংলাদেশের বিপক্ষে মাঠের আকার নিয়ে ভাবছে না উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

ক্রিস গেইল, এভিন লুইস, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলদের মতো দৈত্য আছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। সেখানে মাঠের আকৃতি যদি ছোট হয় তাহলে তো কথাই নেই। যে কোনো দলকে পিষে ফেলতে সক্ষম তারা। তাই শারজাহ স্টেডিয়ামের ছোট মাঠ নিশ্চিতভাবেই ভোগান্তির কারণ হয়ে উঠতে পারে টাইগারদের। কিন্তু ছোট মাঠ নিয়ে ভাবছেই না ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে শারজাহর ছোট মাঠের সুবিধা পেলেও সে দিকে নজর না দিয়ে নিজেদের সামর্থ্য দিয়েই বাংলাদেশকে হারাতে চান বলে জানিয়েছেন ক্যারিবিয়ান দলের উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পুরান বলেছেন, 'হ্যাঁ, আমার মনে হয় অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ এটা। আমরা জানিনা শারজাহতে আগামীকাল কেমন খেলা হবে। তবে আমাদের ফোকাস ছোট বাউন্ডারিতে থাকছে না। আমরা আমাদের স্কিলের সঠিক ব্যবহার করতে চাই। এবং এটা করতে পারলে ফলাফল এমনিতেই আমাদের পক্ষে আসবে।'

'তাই, আমরা ছোট বাউন্ডারি নিয়ে সত্যিই বলতে পারছি না এবং আমরা নেমেই ছক্কা মারতে পারব কি-না। আমরা দল হিসেবে আগ্রাসী হতে চাই। আমরা এটা বলতে পারছি না। কাল মাঠে গিয়েই উইকেট ও পরিস্থিতি দেখে যতো দ্রুত সম্ভব আমরা ম্যাচের পরিকল্পনা নির্ধারণ করব এবং ভালো স্কোর সংগ্রহ করার চেষ্টা করব।'

তবে ক্যারিবিয়ানরা যাই বলুক ছোট মাঠে তাদের পাওয়ার হিটারদের নিয়ে ভাবনা রয়েছে বাংলাদেশেরও। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান বলেছেন, 'অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ ভালো টিম সবাই পাওয়ারফুল, সেটা নিয়ে আমাদের মিটিংয়ে কথা হয়েছে। তবে আমরা যেন ব্যাসিকগুলো করতে পারি সেটা নিয়েই ভাবছি।'

মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচটি দুই দলের জন্যই অস্তিত্ব রক্ষার। কারণ নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে গেছে দুই দলই। সেমি-ফাইনালের দৌড়ে এ ম্যাচ শেষে টিকে থাকবে কেবল একটি দল। আর কারা থাকছেন সে দৌড়ে তা জানা যাবে আগামীকালই।