‘বল ব্যাটে আসছে’, ওমানের উইকেট দেখে উচ্ছ্বসিত সৌম্য
দেশের মাঠে অতি মন্থর উইকেটে খেলে রান পেতে ভুগেছিলেন ব্যাটসম্যানরা। ওমানে গিয়ে প্রথম দিনে উইকেট আর কন্ডিশন দেখেই তাদের বুকে জেগেছে আশা। ঘাসের ছোঁয়া থাকা শক্ত উইকেটে বল ব্যাটে আসছে, টি-টোয়েন্টির আদর্শ চাহিদা মেটানোরও মিলছে আভাস।
মঙ্গলবার ওমান একাডেমি মাঠে অনুশীলন করে বাংলাদেশ। বিশ্বকাপের খেলা অবশ্য হবে পাশের আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে। তবে ঝলমলে রোদ আর ঘাসের ছোঁয়া থাকায় উইকেট মন্থর হবে না।
প্রথম দিনের অনুশীলন সেরে গণমাধ্যমে পাঠানো ভিডিওবার্তায় আশাবাদ ঝরল সৌম্যের কণ্ঠে, 'এখানে দেখলাম উইকেটে ঘাস ছিল। এ রকম যদি থাকে—বোলার, ব্যাটসম্যান সবার জন্যই ভালো। বল ব্যাটে আসছিল ভালোই। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন উইকেট থাকলে মেরে খেলার জন্যও ভালো হয়। আশা করি, ভালো হবে।'
প্রথম দিন হালকা স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ফুটবল খেলে সময় পার করেছে দল। ভিন্ন রকমের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই আপাতত প্রথম লক্ষ্য, 'প্রথম দু-এক দিন হয়তো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। ধীরে ধীরে সেটা কেটে যাবে।'
নিউজিল্যান্ড সিরিজের পর তিন সপ্তাহের লম্বা ছুটি দেওয়া হয়েছিল। ছুটির মধ্যেও অনেক ক্রিকেটার অবশ্য ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করেছেন। কেউ কেউ চালিয়েছেন কেবল ফিটনেস ট্রেনিং। সৌম্যের মতে মানসিকভাবে সতেজ হওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল বেশি, 'বড় টুর্নামেন্টের আগে মানসিক বিশ্রামের প্রয়োজন ছিল। সবাই বিশ্রাম নিয়ে আবার মাঠে ফিরেছে। আশা করি, সবার ফিটনেসটা ভালো আছে। বিশ্রামের মধ্যেও সবাই ফিটনেস নিয়ে কাজ করেছে। আজকে থেকে ওমানে ক্যাম্প শুরু করলাম। যা দেখলাম, তাতে হচ্ছে সবার ফিটনেসের অবস্থা ভালো'
আগামী দুদিন স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আরও দুটি অনুশীলন সেশন আছে দলের। ৮ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ও বাংলাদেশ সময় রাত ৮টায় ওমান 'এ' দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
৯ অক্টোবর আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের সূচি আছে।