প্রস্তুতিতে উৎফুল্ল বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক

ওমানে গিয়ে প্রথম প্রস্তুতিটা বেশ আলো ঝলমলে হলো বাংলাদেশের। ওমান 'এ' দলের বিপক্ষে দুশো ছাড়ানো পুঁজির পর বোলাররাও পরিস্থিতি অনুযায়ী বল করতে পেরেছেন। ম্যাচ শেষে তাই পরিতৃপ্তির কথা জানিয়েছেন দলের হয়ে কথা বলতে আসা শামীম হোসেন পাটোয়ারি।

শুক্রবার ওমানের একাডেমি গ্রাউন্ডে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান তুলে ফেলে বাংলাদেশ একদশ। পরে প্রতিপক্ষকে বেধে রাখে ১৪৭ রানে।  নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহর চোটে এই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া লিটন দাসই বেধে দেন শুরুর সুর।

৬ চার, ১ ছক্কায় ৩৩ বলে তিনি করেছেন ৫৩। তার সঙ্গে খেলতে নেমে ৫৩ বলে নাঈম শেখ করেন ৬৩। ওপেনিং জুটিতেই আসে শতরান।

সৌম্য সরকার ও মুশফিকুর রহিম সুযোগ হাতছাড়া করলেও কম বল পেয়ে দারুণভাবে সুযোগ কাজে লাগান নুরুল হাসান সোহান। ৭ ছক্কায় মাত্র ১৫ বলে ৪৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সোহান। ১২ বলে ১৯ করে তার সঙ্গী হিসেবে অপরাজিত থাকেন শামীম।

ম্যাচ শেষে ভিডিও বার্তায় তরুণ শামীম জানান দলের তৃপ্তির কথা,  'প্রথমে আমাদের শুরুটা অনেক ভাল ছিল নাঈম আর লিটন ভাই দারুণ খেলেছেন। শেষ দিকে সোহান ভাইয়ের সঙ্গে খেলেছি, অনেক ভাল লেগেছে।'

'আমরা একটা নতুন কন্ডিশনে এসেছি। যত ম্যাচ খেলতে পারব ততই আমাদের জন্য ভাল। আর রাতের ম্যাচ হওয়াতেও ভাল হয়েছে। ব্যাটসম্যানরা সবাই ভাল করেছে।'

ঘরের মাঠে মন্থর উইকেটে রান পেতে ভুগছিলেন ব্যাটসম্যানরা। ওমানে গিয়েই মিলল রানের দেখা। ভালো উইকেটে বিশ্বকাপেও এই ধারা অব্যাহত থাকার আশা শামীমের, 'উইকেট অনেক ভাল ছিল। আমাদের ব্যাটসম্যানরা অনেক স্বচ্ছন্দে ব্যাট করেছে। আমি আশাকরি ব্যাটসম্যানরা অনেক ভাল করবে এই পিচে।'

মূল ম্যাচে একাদশে সুযোগ পেলে শেষের দিকে নামতে হতে পারে শামীমকে। সোহানের ভূমিকাও তা-ই। শামীম জানান যে কটা বল হাতে পাবেন সেগুলোই কাজে লাগাতে চান, 'আমি সুযোগ পাব কমই। বেশিরভাগ সময়ে হয়ত ১৫ ওভারের পর নামতে হবে। আমার ভূমিকাটা থাকে ফিনিশ করার। সেই কাজটাই করতে চাই।'

ওমানে প্রথম দফার অনুশীলনের পর আজ (৯ অক্টোবর) আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে মাহমুদউল্লাহর দল। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। ১৫ অক্টোবর আবার ওমান ফিরে আসবে দল। ১৭ অক্টোবর ওমানের আল আমিরাত স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।