পাকিস্তানের বিশ্বকাপ দল দেখে অবাক আফ্রিদি, বলছেন ‘বদল আসবে’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান স্কোয়াড একদম পছন্দ হয়নি সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির। কেউ কেউ কেন জায়গা পেলেন আবার কারো কারো কেন জায়গা হলো না কারণগুলো পরিষ্কার না তার কাছে। আফ্রিদি জানান তার কাছে তথ্য আছে, বিশ্বকাপ স্কোয়াড নাকি বদল হতে যাচ্ছে।
পাকিস্তানের বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি ওপেনার ফখর জামানের, তিনি আছেন রিজার্ভ বেঞ্চে। একদম বিবেচিতই হননি আরেক ওপেনার শারজিল খান। দলে ঠাঁই মেলেনি অভিজ্ঞ শোয়েব মালিক, সরফরাজ আহমেদদের।
কারো নাম না নিলেও ক্রিকেট পাকিস্তান ওয়েবপোর্টালকে দেওয়া সাক্ষাতকারে আফ্রিদি জানান নিজের বিস্ময়ের কথা, 'দল নিয়ে আমি খুবই অবাক। দুই-তিনজন ক্রিকেটার কীভাবে জায়গা পেল বুঝতে পারছি না। আবার কয়েকজনকে কেন বাদ দেওয়া হলো তাও বুঝতে পারছি না।'
নাটকীয়তায় ভরা পাকিস্তানের ক্রিকেটে বিশ্বকাপের আগে আরেক নাটকের আভাসও দিয়েছেন আফ্রিদি। তার কাছে তথ্য আছে এই দলে আসবে বদল, 'আমার কাছে তথ্য আছে, মনে হচ্ছে বিশ্বকাপ দলে কিছু পরিবর্তন আসবে। পিসিবি আরেকটি দল ঘোষণা করবে।'
এবার বিশ্বকাপ দলে বদল আনার সুযোগ রেখেছে আইসিসি। ১০ অক্টোবর পর্যন্ত তা গ্রহণ করতে পারবে দলগুলো। আফ্রিদির ধারনা সেই সুযোগ নিতে যাচ্ছে পিসিবি।
গত ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দিনই পদত্যাগ করেন পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস। পিসিবি প্রধান হিসেবে রমিজ রাজা দায়িত্ব নেওয়ার আগে এই দুজনের সঙ্গে সাক্ষাত করেছিলেন। পরেই তারা নেন পদত্যাগের সিদ্ধান্ত। এই পদত্যাগ নিয়ে দেশটির ক্রিকেট মহলে নানা আলোচনা থাকলেও আফ্রিদি শূলে চড়াচ্ছেন মিসবাহ-ওয়াকারকেই, 'এত অল্প সময়ে ম্যাথু হেইডেন আর ভার্নন ফিল্যান্ডার প্রভাব ফেলতে পারবে না। তারা স্বেচ্ছায় যদি সরে যায় তাহলে পাকিস্তানের ক্রিকেটকে চরম ক্ষতি করেছে। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারত।'
বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-২ তে থাকা পাকিস্তান ২৪ অক্টোবর দুবাইতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে।
পাকিস্তানের টি-টোয়েটি বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলি, সোয়াইব মাকসুদ, আজম খান (উইকেটরক্ষক), খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন।
রিজার্ভ: উসমান কাদির, শাহনাওয়াজ দাহানি, ফখর জামান।