পাকিস্তানের দৃষ্টিতে আফগানিস্তান 'ভয়ঙ্কর'

স্পোর্টস ডেস্ক

ভারত ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান। সামনের ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের। কারণ, শেষ দুটিতে তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল নামিবিয়া ও স্কটল্যান্ড। তবে জয়ের ধারায় থাকা পাকিস্তান পা রাখছে মাটিতে। স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া আফগানদের সমীহ করার কথা জানিয়েছেন দলটির কোচ সাকলাইন মুশতাক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শুক্রবার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

সুপার টুয়েলভে দুই নম্বর গ্রুপের শীর্ষে রয়েছে পাকিস্তান। দুই ম্যাচে তাদের অর্জন ৪ পয়েন্ট। অন্যদিকে, রানরেটে এগিয়ে থাকায় আফগানিস্তান আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। এখন পর্যন্ত খেলা একমাত্র ম্যাচে স্কটিশদের ১৩০ রানে বিধ্বস্ত করেছিল তারা।

afghanistan_cricket.jpg
ছবি: টুইটার

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে তিনে। আফগানিস্তানের অবস্থান সাত নম্বরে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকলাইন বলেন, প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ধারণা আছে তাদের, 'আফগানিস্তান একটি শক্তিশালী দল। আমরা আসলেও বলতে পারি না যে এটা খুব সহজ হবে এবং আমরা তাদেরকে গুঁড়িয়ে দিব। বিষয়টা অমন না।'

স্কটল্যান্ডকে ৬০ রান অলআউট করতে মুজিব উর রহমান নিয়েছিলেন ৫ উইকেট। সময়ের অন্যতম সেরা তারকা রশিদ খানের ঝুলিতে গিয়েছিল ৪ উইকেট। আফগানিস্তানের এই স্পিনারদের দিকে আলাদা নজর রাখার কথা জানান তিনি, 'তাদের একটি অসাধারণ বোলিং আক্রমণ রয়েছে। বিশেষ করে, স্পিনাররা (অসাধারণ)। আর যখন তারা ব্যাটিংয়ে যায়, তারা সেভাবেই খেলে যেমনটা তারা অনুভব করে, হৃদয়ে লালন করে এবং তারা চিন্তা করে।'

সতর্ক সাকলাইন যোগ করেন, 'তারা মাঠে যায় এবং পরিকল্পনা কাজে লাগায়। তারা অনেকটা ভয়ডরহীন ক্রিকেট খেলে। আমি মনে করি, এই ধরনের দলগুলো ভয়ঙ্কর হতে পারে।'