পাওয়ার হিটিংয়ের ঘাটতি যেভাবে পূরণ করবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টিতে ভাল করতে দরকার পাওয়ার হিটার। বাংলাদেশে সেটার বরাবরই ঘাটতি। ছক্কার ঝড় তুলতে যে ধরণের শারীরিক সামর্থ্যের দরকার তা নেই এই দেশের ব্যাটসম্যানদের। তবে সেই ঘাটতি পুষিয়ে দেওয়ার সহজ পথ দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। উদাহরণ হিসেবে নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনের নাম নিয়েছেন তিনি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের কাছে প্রশ্ন গিয়েছিল, পাওয়ার হিটিংয়ের ঘাটতি দল পূরণ করবে কীভাবে?

মাহমুদউল্লাহ দিলেন সমাধান, 'আপনি যদি পাওয়ার হিটার চিন্তা করেন তাহলে কাকে বলবেন? ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, তারা সবাই পাওয়ার হিটার। কিন্তু আপনি যদি চিন্তা করেন কেন উইলিয়ামসন, তাকে কি পাওয়ার হিটার বলবেন?  সে খুবই স্কিলফুল হিটার ও স্কিলফুল ব্যাটসম্যান।'

কঠিন উইকেটেও স্কিল দিয়ে ভালো স্ট্রাইকরেটে রান করতে পটু উইলিয়ামসন। ছক্কার ঘাটতি প্রচুর প্রান্ত বদল আর বাউন্ডারিতে পুষিয়ে নেন তিনি। চতুর ক্রিকেটে সেই ঘাটতি পূরনের পথ দেখছেন মাহমুদউল্লাহ,  'আমার মনে হয়, আমাদের ব্যাটিং শক্তির মূল বিষয়টা হলো, সম্ভবত আমরা স্কিল হিটিংয়ে নিজেদের এগিয়ে রাখতে চাইব এবং আমার মনে হয়, দল হিসেবে আমাদের সেই সামর্থ্য আছে। পাওয়ার হিটার হয়ে ওঠার চেয়ে স্কিলফুল হিটার হয়ে উঠতে পারি আমরা। এটা নিয়ে আমরা সবাই কথা বলেছি এবং আমি বিশ্বাস করি, আমাদের সেই সামর্থ্য আছে। মাঠে ওই ব্যাপারগুলো বাস্তবায়ন করতে পারলে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারি।'