দলের আগেই ওমানে গেলেন লিটন
বিশ্বকাপ খেলতে রোববার রাতে ওমানে যাচ্ছে বাংলাদেশ দল। তবে দলের আগেই ওমানে চলে গেছেন ওপেনার লিটন দাস।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, গত বুধবার স্ত্রীকে নিয়ে মাস্কাটে চলে গেছেন তিনি। সোমবার তার সঙ্গে যোগ দেবেন দলের বাকিরা। বিশ্বকাপের প্রথম রাউন্ড পর্যন্ত লিটনের স্ত্রী থাকবেন তার সঙ্গে। তবে দল সুপার টুয়েলভে উঠলে তার স্ত্রী ফিরে আসবেন দেশে।
বিশ্বকাপ স্কোয়াডের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলার জন্য আছেন সংযুক্ত আরব আমিরাতে। তাদের অনাপত্তিপত্র আছে ৭ অক্টোবর পর্যন্ত। আইপিএল থেকে পরে সরাসরি আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন তারা। ছুটিতে থেকে কোচরা নিজ নিজ দেশ থেকে ওমানে এসে যোগ দেবেন দলের সঙ্গে।
রোববার বাকি ১৪ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ ২১ জনের দল রওয়ানা হবে মাস্কাটের উদ্দেশ্যে। শনিবার রাতে কোভিড-১৯ পরীক্ষায় দলের সবারই ফল নেগেটিভ এসেছে।
নিউজিল্যান্ড সিরিজের পর তিন সপ্তাহের ছুটি দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। ছুটি থাকলেও কয়েকজন ক্রিকেটার এ কদিন নিজ উদ্যোগেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চালিয়েছেন অনুশীলন। নিজেকে প্রস্তুত করতে 'এ' দলের হয়ে চট্টগ্রামে গিয়ে দুটি ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। এই দুই ওয়ানডেতে 'এইচপি' দলের হয়ে খেলতে দেখা গেছে বিশ্বকাপ স্কোয়াডের তরুণ সদস্য শামীম পাটোয়ারিকে।
বাকিরা অনুশীলন করলেও লিটন অবশ্য ঘরের মাঠে আর অনুশীলন করেননি। ওমানেই শুরু হবে তার বিশ্বকাপ প্রস্তুতি। সবার আগেই বিশ্বকাপ ভেন্যুতে পৌঁছালেন এই তারকা।
ওমান পৌঁছে একদিনের কোয়ারেন্টিনের পর ৫ অক্টোবর থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। সেদিন থেকেই আইসিসির আনুষ্ঠানিক সুরক্ষা বলয়েও প্রবেশ করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
৮ অক্টোবর পর্যন্ত ওমানে অনুশীলন করার পর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ তারিখ আবুধাবি যাবে দল। সেখানেও আছে একদিনের কোয়ারেন্টিন। আবুধাবিতে ১২ তারিখ শ্রীলঙ্কা ও ১৪ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে লাল-সবুজের প্রতিনিধিরা ১৫ অক্টোবর আবার ওমানে ফিরে যাবে। ১৭ অক্টোবর সেখানেই বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
রিজার্ভ বেঞ্চ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।