টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অনাকাঙ্ক্ষিত হার। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে মিলেছে স্বস্তির জয়। তাতে টিকে আছে বাংলাদেশের সুপার টুয়েলভে খেলার আশা। তবে সে লক্ষ্যে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততেই হবে টাইগারদের। শুরুটাও ভালো হয়েছে। টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বেছে নিয়েছেন ব্যাটিং।
ওমানের মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।
অস্তিত্ব রক্ষার এ ম্যাচে কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে দলটি। তবে বাংলাদেশ এ ম্যাচে কোনো পরিবর্তন না আনলেও নিউগিনির একাদশে পরিবর্তন এসেছে দুটি। টনি উরা ও নোসাইনা পোকানার একাদশে ঢুকেছেন হিরি হিরি ও ড্যামিয়েন রাভু।
এ ম্যাচ জেতার পাশাপাশি কিছুটা সমীকরণও মাথায় রাখতে হবে বাংলাদেশকে। কমপক্ষে ৪ রানে জয় পেলে দিনের দ্বিতীয় ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে না টাইগারদের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করবে সে ম্যাচের উপরই।
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাপুয়া নিউগিনি: লেগা সাইকা, আসাদ ভালা, চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আটাই, হিরি হিরি, নরমান ভানুয়া, কিপলিন ডোরিগা, চাদ সোপার, কাবুয়া মোরেয়া ও ড্যামিয়েন রাভু।