টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ
টানা দুই ম্যাচে হেরে সুপার টুয়েলভ থেকেই বিদায়ের শঙ্কায় বাংলাদেশ। সেমি-ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে হলে সমীকরণ একটাই, জয়ের কোনোই বিকল্প নেই তাদের। বাঁচা-মরার লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজ।
তবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর মিশনের শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফিল্ডিং বেছে নিয়ে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৪টায় শুরু হচ্ছে ম্যাচটি।
এদিন বাংলাদেশের মতো ক্যারিবিয়ানদেরও অস্তিত্ব রক্ষার লড়াই। কারণ আগের দুই ম্যাচে হেরে গিয়েছে তারাও। এখনই টুর্নামেন্টে বিদায় নিতে না চাইলে জিততে হবে তাদের। আর সে লক্ষ্যে জয়ের জন্য মরিয়া তারাও। তাই নিঃসন্দেহে বেশ বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছে টাইগাররা।
অস্তিত্ব রক্ষার লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে তলপেটে চোট পেয়েছিলেন নুরুল হাসান সোহান। সেই চোট নিয়েও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে দেখা গিয়েছিল। ব্যথা বেড়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কিপার ব্যাটসম্যানকে পাচ্ছে না বাংলাদেশ। তার পরিবর্তে একাদশে এসেছেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ একাদশে বাঁহাতিদের ছড়াছড়ি থাকায় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে বসিয়ে খেলানো হচ্ছে পেসার তাসকিন আহমদকে।
সোহান একাদশে না থাকায় উইকেটের পেছনে থাকছেন লিটন দাস। আগের ম্যাচগুলোতে ধারাবাহিক ব্যর্থতার কারণে লিটনের একাদশে থাকা কিছুটা অনিশ্চিতই ছিল। কিন্তু তার উপর আরও একবার আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
দুটি পরিবর্তন আছে উইন্ডিজ দলে। ওবেড ম্যাকয়ের ইনজুরিতে দলে সুযোগ পাওয়া জেসন হোল্ডার জায়গা করে নিয়েছেন একাদশে। বাদ পড়েছেন হেইডেন ওয়ালশ। এছাড়া লেন্ডল সিমন্সের জায়গায় একাদশে ঢুকেছেন রোস্টন চেজ।
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ: রোস্টন চেজ, এভিন লুইস, নিকোলাস পুরান, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেন ও রভি রামপাল।