জাম্পার জাদুকরী বোলিংয়ের পর ওয়ার্নার ঝড়

স্পোর্টস ডেস্ক

আইপিএলে ছন্দে ছিলেন না। এমনকি একাদশে জায়গা হারিয়ে বাদ পড়েছেন দল থেকেও। কিন্তু মেধা থাকলে যে ছন্দ চলে আসতে পারে যখন তখন, তাই করে দেখালেন ডেভিড ওয়ার্নার। অসাধারণ ব্যাটিংয়ে লঙ্কানদের দেওয়া লক্ষ্য পেরিয়ে গেলেন সহজেই। অবশ্য শ্রীলঙ্কার পুঁজিটা হাতের নাগালে রেখেছিলেন অ্যাডাম জাম্পা। তার বোলিং জাদুতেই জয়ের ভিতটা পেয়ে যায় অস্ট্রেলিয়া।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ১৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় অজিরা।

লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই দারুণ আগ্রাসী অজিদের দুই ওপেনার ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওপেনিং জুটিতেই আসে ৭০ রান। তাও ৭ ওভার শেষ না হতেই। এরপর অবশ্য ১০ রানের ব্যবধানে দুটি উইকেট পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু তৃতীয় উইকেটে স্টিভ স্মিথকে নিয়ে ৫০ রানের আরও একটি জুটিতে দলকে সহজ জয়ের পথ তৈরি করে দেন ওয়ার্নার।

দলীয় ১৩০ রানে ওয়ার্নারকে অবশ্য ফিরাতে পারে লঙ্কানরা। কিন্তু ততোক্ষণে জয় পথটা তৈরি হয়ে গেছে। এরপর বাকি কাজটা মার্কাস স্টয়নিসকে নিয়ে সহজেই সেরে ফেলেন স্মিথ।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। ৪২ বলে ১০টি চারের সাহায্যে এ রান করেন এ ওপেনার। অধিনায়কের ফিঞ্চের ব্যাট থেকে আসে ৩৭ রান। ৩৩ বলে ৫টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। ২৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন স্মিথ। স্টয়নিসের ব্যাট থেকে আসে অপরাজিত ১৬ রান।

শ্রীলঙ্কার পক্ষে ২২ রানের খরচায় ২টি উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানেই ওপেনার পাথুম নিশাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় উইকেটে কুসল পেরেরাকে নিয়ে ৬৩ রানের দারুণ এক জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকেই নিয়ে যাচ্ছিলেন চারিথ আসালাঙ্কা। কিন্তু এরপরই শুরু হয় জাম্পার জাদু।

ভয়ঙ্কর হয়ে ওঠা এ জুটি ভাঙার পাশাপাশি আরও একটি উইকেট তুলে নেন জাম্পা। তাদের লঙ্কানদের রানের গতি থামে। ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। লঙ্কানরা কোণঠাসা হয়ে যায় তাতেই। এরপর ভানুকা রাজাপাকসার ব্যাটে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি মিলে শ্রীলঙ্কার।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে করেন আসালাঙ্কা ও পেরেরা। দুইজন ৪টি করে চার ও ১টি করে ছক্কা মারেন। তবে পেরেরা ইনিংসটি খেলেন ২৫ বলে। আসালাঙ্কা ২টি বল বেশি খেলেন। ২৬ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রাজাপাকসা।

জাম্পা ছাড়াও অজিদের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।