ছিটকে গেলেন ম্যাককয়, উইন্ডিজ দলে হোল্ডার
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে জেসন হোল্ডারের জায়গা না পাওয়া নিয়ে অনেক সমালোচনা ছিল। অবশেষে দুই ম্যাচ পর ওয়েস্ট ইন্ডিজের মূল স্কোয়াডে যুক্ত হলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার অন্তর্ভুক্ত হওয়া অবশ্য বাঁহাতি পেসার ওবেড ম্যাককয় চোটে পড়ার কারণে।
আইসিসি বৃহস্পতিবার সকালে পাঠানো বিবৃতিতে জানিয়েছে, ডান পায়ের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ম্যাককয়। তার বদলে হোল্ডারকে দলভুক্ত করতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আবেদন অনুমোদন করেছেন তারা।
এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ম্যাককয়। ২ ওভারে দিয়েছিলেন ১১ রান। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে দেখা যায়নি। কোন ম্যাচে তিনি চোট পেয়েছেন তা জানানো হয়নি আইসিসির বিবৃতিতে।
সাবেক উইন্ডিজ অধিনায়ক হোল্ডার অবশ্য অতিরিক্ত সফরসঙ্গী হিসেবে দলের সঙ্গেই ছিলেন। এবার মূল স্কোয়াডের অংশ হলেন তিনি।
প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা শিরোপাধারী ক্যারিবিয়ানদের পরের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় শারজাহতে মুখোমুখি হবে দুই দল। ওয়েস্ট ইন্ডিজের মতো প্রথম দুই ম্যাচ হেরে চাপে বাংলাদেশও।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই উইন্ডিজের একাদশে দেখা যেতে পারে হোল্ডারকে।