‘চ্যাম্পিয়ন’ মুশফিকে ভরসা মাহমুদউল্লাহর

ক্রীড়া প্রতিবেদক

শেষ ২৫ ম্যাচে মাত্র ১ ফিফটি, প্রস্তুতি ম্যাচেও রান নেই। সবচেয়ে বড় কথা মুশফিকুর রহিমকে ক্রিজে একদমই সাবলীলও দেখাচ্ছে না। বিশ্বকাপে নামার আগে মিডল অর্ডারের বড় ভরসার এই ফর্মহীনতা নিশ্চিতভাবেই উদ্বেগের কারণ। তবে অধিনায়ক মাহমদউল্লাহ মনে করছেন, 'চ্যাম্পিয়ন মুশফিক' বড় মঞ্চেই জ্বলে উঠবেন।

সবশেষ ২৫টি টি-টোয়েন্টিতে মাত্র  ১৬.৪৭ গড়ে ৩৪৬ রান করেছেন মুশফিক। স্টাইকরেটও কেবল  ১০২.৬৭। সর্বশেষ ফিফটি করেছিলেন সেই ২০১৯ সালে, দিল্লিতে ভারতের বিপক্ষে সে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। টানা রান খরা প্রস্তুতি ম্যাচেও কাটাতে পারেননি মুশফিক। ওমান 'এ' দল, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে করেন- ০, ১৩ ও ৪ রান। 

ম্যাচের আগের দিন অধিনায়কের কাছে মুশফিকের ছন্দহীনতা নিয়ে প্রশ্ন গেলে তিনি পাশে দাঁড়ালেন এই অভিজ্ঞ ব্যাটসম্যানের,  'আমরা সবাই জানি যে মুশফিক আমাদের দলের জন্য কতটা মূল্যবান। অনেক সময় অনেক ক্রিকেটারের, বিশেষ করে এই ফরম্যাটে ১-২ টা ম্যাচ বা ৩-৪ টা ম্যাচ অনেক সময় খারাপ যেতে পারে। ওর মতো সামর্থ্যের ক্রিকেটারকে নিয়ে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। বছরের পর বছর ধরে ও এটা প্রমাণ করে এসেছে যে, কতটা চ্যাম্পিয়ন ক্রিকেটার সে।'

আরও পড়ুন- কীসের ঘাটতিতে টি-টোয়েন্টিতে রানে নেই মুশফিক?

মাহমুদউল্লাহর আশা আজ স্কটল্যান্ডের বিপক্ষেই জ্বলে উঠবেন মুশফিক। না হলেও তার ব্যাটে রান দেখা যাবে শিগগিরই,   'আমাদের সবার পূর্ণ সমর্থন আছে তার প্রতি এবং আমরা সবাই বিশ্বাস করি, যে দলের সঠিক সময়ে সে ফিরে আসবে। এটা কেবলই সময়ের ব্যাপার, আজ হোক বা কাল। একটা ভালো ইনিংস কিংবা ভালো শুরু ওর আত্মবিশ্বাসটা আগের জায়গায় নিয়ে আসবে। এটা আমরা সবাই বিশ্বাস করি। টিম ম্যানেজমেন্ট ও দল, সবাই ওর ওপর আস্থা রাখছি।'

রোববার রাত ৮টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।