খরুচে মোস্তাফিজ-নাসুম-শরিফুল, ডেলনির ঝড়ে আইরিশদের বড় রান

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হিসেবী বল করে তাসকিন আহমেদ দুই উইকেট নিলেও খরুচে ছিলেন নাসুম আহমেদ, শরিফুল ইসলাম,  মোস্তাফিজুর রহমানরা। বাংলাদেশের বোলারদের মলিন দিনে গ্যারেথ ডেলনির ঝড়ো ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে গেছে আয়ারল্যান্ড।

বৃহস্পতিবার আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে গিয়ে ৩ উইকেটে ১৭৭ রান করেছে আয়ারল্যান্ড। চারে নেমে  ৫০ বলে ৩ চার, ৮ ছক্কায় ৮৮ রানে অপরাজিত ছিলেন ডেলনি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে ভাল বল করেছেন তাসকিন। এই গতিময় পেসার ৪ ওভারে কেবল ২৬ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। অফ স্পিনার শেখ মেহেদী উইকেট না পেলেও ৩ ওভারে দেন মাত্র ১৫ রান। অনিয়মিত বোলার সৌম্য সরকার ২ ওভারে দেন কেবল ১৩ রান।

তবে বাকি তিন বোলারই ছিলেন বিবর্ণ, খরুচে। আইপিএল থেকে ফিরে মোস্তাফিজ প্রথম প্রস্তুতি ম্যাচ না খেললেও এই ম্যাচে নেমে তিনি ওভারপ্রতি ১০ করে রান বিলিয়েছেন। মোস্তাফিজের ৪ ওভার থেকে ৪০ রান নিয়ে নেয় আইরিশরা। প্রথম ওভারে উইকেট পেলেও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ করেছেন হতাশ। ৩ ওভারেই তিনি দিয়েছেন ৩৩ রান।

আরেক পেসার শরিফুল শেষ দিকে মার খেয়েছেন। তার ৪ ওভার থেকেও এসেছে ৪১ রান!

আগে ব্যাট করতে নেমে পল স্টার্লিং শুরুতেই তুলেন ঝড়। অধিনায়ক অ্যান্ড্রু বিলবার্নিও মেলান তাল। ৫ চারে ১৬ বলে ২২ করে স্টার্লিং ফেরেন নাসুমের বলে। ২২ বলে ২৫ করা বিলবার্নিকে বোল্ড করে দেন তাসকিন। জর্জ ডকরেলকেও শিকার ধরেন তিনি।

তবে এরপর আর সাফল্য আসেনি। হ্যারি টেক্টরকে নিয়ে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে বড় পুঁজিতে নিয়ে যান ডেলনি। টেক্টর কিছুটা মন্থর (২৩ বলে ২৩) থাকলেও ছক্কার বৃষ্টিতে তা পুষিয়ে ডেলনি পাইয়ে দেন বড় রান।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড:  ২০ ওভারে ১৭৭/৩ (স্টার্লিং ২২, বিলবার্নি ২৫,  ডেলনি ৮৮*  , ডকরেল ৯, টেক্টর ২৩* ; তাসকিন ৪-০-২৬-২, শেখ মেহেদী   ৩-০-১৫-০,  নাসুম ৩-০-৩৩-১, মোস্তাফিজ ৪-০-৪০-০,  শরিফুল ৪-০-৪১-০  , সৌম্য ২-০-১৩-০ )