ক্যারিবিয়ানদের চেপে ধরেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে টিকে থাকতে হলে জিততেই হবে। আর জয়ের জন্য চাই দারুণ সূচনা। এদিন সেটাই করতে পেরেছে বাংলাদেশ। শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছেন টাইগাররা। শেখ মেহেদী হাসানের ঘূর্ণিতে বাংলাদেশের সূচনাটা হয়েছে দারুণ।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৮ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোস্টন চেজ ১৯ ও অধিনায়ক কাইরন পোলার্ড ৩ রানে উইকেটে আছেন। 

স্বাভাবিকভাবে নিজেদের রানের গতিটা বাউন্ডারি মেরে সচল রাখে ক্যারিবিয়ানরা। এদিন বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং প্রথম ১০ ওভারে মাত্র ২টি চার মারতে পেরেছে দলটি। কোনো ছক্কাই হাঁকাতে পারেনি তারা। ফলে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের তৃতীয় ওভার প্রথম সাফল্য পায় বাংলাদেশ। বল করতে এসে ওভারের শেষ বলে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। তার বলে পুল করতে গিয়ে আকাশে তুলে দেন এভিন লুইস। স্কয়ার লেগে সহজ ক্যাচ লুফে নেন মুশফিকুর রহিম। অবশ্য তার ওভারের প্রথম বলে উইকেট পেতে পারতো টাইগাররা। পয়েন্টে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে চেয়েছিলেন গেইল। লুইস সাড়া দেননি। প্রায় উইকেটের মাঝে চলে গিয়েছিলেন গেইল। কিন্তু সাকিব আল হাসানের থ্রো একেবারে স্টাম্প ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যান এ ওপেনার।

তবে খুব বেশিক্ষণ টিকতে পারেননি গেইল। পঞ্চম ওভারে বল হাতে ফিরে প্রথম বলেই তাকে বোল্ড করে দেন শেখ মেহেদী হাসান। ফলে শুরুতেই দারুণভাবে ক্যারিবিয়ানদের চেপে ধরে টাইগাররা। পাওয়ার প্লেতেও বড় কোনো ক্ষতি হয়নি। মাত্র ২৮ রানে আটকে রাখতে পারে। পাপুয়া নিউগিনি ছাড়া পাওয়ার প্লেতে এটাই প্রতিপক্ষকে সবচেয়ে কম রানে আটকে রাখা বাংলাদেশের।

পাওয়ার প্লে শেষেও শুরুটা দারুণ হয় বাংলাদেশের। পরের ওভারে ফিরে আরও একটি আঘাত দিতে পারতেন মেহেদী। বোলারের মাথার উপর দিয়ে ড্রাইভ করতে গিয়ে মেহেদীর হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন রোস্টন। তবে সে সুযোগ লুফে নিতে পারেননি মেহেদী। তবে এর পরের বলে ঠিকই উইকেট পেয়েছেন এ স্পিনার। এবার তার বলে লংঅফ সীমানার উপর দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন শিমরন হেটমায়ার। সহজ ধরতে কোনো ভুল করেননি সৌম্য সরকার।

এরপর অধিনায়ক কাইরন পোলার্ডকে নিয়ে দলের হাল ধরেছেন রোস্টন চেজ। অবিচ্ছিন্ন ১৬ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করছেন এ দুই ব্যাটার।