কোয়ারেন্টিনের পর ওমানে বাংলাদেশের অনুশীলন শুরু

ক্রীড়া প্রতিবেদক

ঘূর্ণিঝড় মাথায় নিয়ে ওমানে পৌঁছে বাংলাদেশ দল পেয়েছে ঝলমলে রোদের দেখা। একদিনের কোয়ারেন্টিন পার করে নির্ধারিত সূচি অনুযায়ী তাই করতে পেরেছে প্রথম দিনের অনুশীলন।

মঙ্গলবার  মাস্কাটের নয়নাভিরাম ওমান ক্রিকেট একাডেমির মাঠে স্থানীয় সময় দুপুরে দেড়টায় শুরু হয় বাংলাদেশের অনুশীলন। বিকেল ৫টা পর্যন্ত নিবিড় অনুশীলন চালিয়েছেন মাহমুদউল্লাহরা।

রোববার রাতে ওমানে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ দলের ফ্লাইট নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা বিলম্বে যাত্রা করে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড।

মাস্কাট পৌঁছে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে কোয়ারেন্টিনে প্রবেশ করেন ক্রিকেটাররা। একদিনের কোয়ারেন্টিনের পর মঙ্গলবার থেকে আইসিসির সুরক্ষা বলয়ে প্রবেশ করেছে বাংলাদেশ।

আগামী দুদিন একই সময়ে আছে আরও দুটি অনুশীলন সেশন। ৮ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ও বাংলাদেশ সময় রাত ৮টায় ওমান 'এ' দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

৯ অক্টোবর আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের সূচি আছে।

১৫ অক্টোবর ফের ওমানে ফিরবে বাংলাদেশ স্কোয়াড। ১৭ অক্টোবর এখানেই বিশ্বকাপের  প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।