কোহলির মন্তব্যে হতাশ জাদেজা

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হারের ধাক্কাটা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। এ নিয়ে শুরু থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার সেখানে নতুন বিতর্ক তুলে ধরলেন ভারত দলের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে বলা অধিনায়ক বিরাট কোহলির মন্তব্য পছন্দ হয়নি তার। কোনো রাখঢাক না রেখে অধিনায়কের মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন এ অলরাউন্ডার।

গত রোববার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। তবে শুরুতেই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির তোপে পড়ে দলটি। ৬ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। দলের অন্যতম ভরসা রোহিত শর্মা তো রানের খাতাই খুলতে পারেননি, আর লোকেশ রাহুল করতে পেরেছেন মাত্র ৩ রান। পরে অধিনায়ক কোহলি দাঁড়িয়ে গেলেও লড়াইয়ের জন্য পুঁজিটা পর্যাপ্ত হয়নি। শেষ পর্যন্ত বড় হারই মানতে হয় টিম ইন্ডিয়াকে।

ম্যাচশেষে পাকিস্তানি বোলারদের উচ্ছ্বসিত প্রশংসাই করেছিলেন কোহলি। শুরুতে উইকেট তুলে নিয়ে তাদের চাপে রাখার কৃতিত্ব দেন। পাশাপাশি সেই দুই ধাক্কার পর দল আর ফিরতে পারেনি বলে মন্তব্য করেন। আর এ বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি জাদেজা। কোহলির মতো ব্যাটার উইকেটে থাকার পরও কেন সে ধাক্কা সামলে নিতে পারবে না এ নিয়ে উল্টো প্রশ্ন তোলেন জাদেজা।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপকালে জাদেজা বলেছেন, 'আমি সেদিন বিরাট কোহলির বক্তব্য শুনেছি। তিনি বলেছেন, আমরা যখন দুই উইকেট হারিয়েছি, তখনই পাকিস্তানের বিপক্ষে আমরা পিছিয়ে পড়েছি। আমি এই বক্তব্য শুনে হতাশ হয়েছি। বিরাট কোহলির মতো একজন খেলোয়াড় যখন মাঝখানে, তখন ম্যাচ শেষ হওয়ার প্রশ্নই ওঠে না। তিনি উইকেটে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা নিয়ে ভাবতে শুরু করেন। সুতরাং, এটি ভারতের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।'

বিশ্বকাপে টিকে থাকার মিশনে আগামী রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জেতা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় কোণঠাসা হয়ে পড়বে দলটি। একই অবস্থা নিউজিল্যান্ডেরও। প্রথম ম্যাচে তারাও হেরেছে পাকিস্তানের কাছে। ছেড়ে কথা বলবে তারাও। ম্যাচে তাই বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছে কোহলির দল।