একাদশে জায়গা নিয়ে প্রশ্ন তোলায় অ্যামব্রোসকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া গেইলের

স্পোর্টস ডেস্ক

'টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ একাদশে ক্রিস গেইল আর অটোমেটিক পছন্দ নন'- কিংবদন্তি পেস বোলার কার্টলি অ্যামব্রোসের এমন মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়লেন ক্রিস গেইল। বললেন সাবেক এই কিংবদন্তির প্রতি কোন শ্রদ্ধা অবশিষ্ট নেই তার।

বার্বাডোজের এক রেডিও টক শোতে অংশ নিয়ে বিশ্বকাপ দলে গেইলের থাকা এবং তাকে একাদশে রাখা নিয়ে প্রশ্ন তুলেন অ্যামব্রোস,  'আমার কাছে গেইল অবশ্যই অটোমেটিক পছন্দ না আর। গত ১৮ মাসের খেলা যদি দেখেন কেবল ওয়েস্ট ইন্ডিজ না অন্যান্য ফ্রেঞ্চাইজির হয়েও সে ভুগেছে। কিছু হোম সিরিজও আমরা খেলেছি, সেই সেখানেও তেমন কোন রান করেনি।'

অ্যামব্রোসের এমন মন্তব্যের পর সেন্ট কিটসের একটি রেডিওকে গেইল দেন বিস্ফোরক প্রতিক্রিয়া,  'আমি কার্টলি অ্যামব্রোসকে নিয়ে কথা বলছি, তাকে আলাদা করে বলছি। যখন আমি ওয়েস্ট ইন্ডিজ দলে আসি তাকে অনেক উঁচুতে রেখে শ্রদ্ধা করতাম । আমি এখন আমার মন থেকে বলছি। আমি জানি না গেইলের বিপক্ষে তিনি কেন লেগেছেন। গণমাধ্যমে এই নেতিবাচক কথাগুলো কেন বললেন, তিনি যদি নজর কাড়ার জন্য বলে থাকেন তাহলে আমিও সেভাবে সাড়া দিচ্ছি।'

'আমি আপনাকে (অ্যামব্রোসকে) ব্যক্তিগতভাবেও বলতে পারি। জেনে রাখুন ক্রিস গেইল, ইউনিভার্স বসের কোন শ্রদ্ধা কার্টলি অ্যামব্রোসের জন্য অবশিষ্ট নেই।'

২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অংশ গেইল তীব্র ভাষায় বলেন, অ্যামব্রোস নেতিবাচক জায়গা থেকে না সরলে তিনি আরও কড়া হবেন, 'তিনি যদি নেতিবাচক ব্যাপার জারি রাখেন তাহলে বলি ইউনিভার্স বস মুখোমুখি দেখাতেও অশ্রদ্ধা প্রদর্শন করবে।'

'কার্টলি অ্যামব্রোসের সঙ্গে আমার সব (সম্পর্ক) ফুরিয়ে গেছে। কোন  শ্রদ্ধা নেই, দেখা হলেও তা বলতে পারব।'

'নেতিবাচক কথা বন্ধ করুন। বিশ্বকাপের আগে দলকে সমর্থন করুন। আমাদের সেটা দরকার। আমাদের নেতিবাচক শক্তি দরকার নেই। দল নির্বাচন হয়ে গেছে, আমাদের সবাইকেই তা সমর্থন করতে হবে।'

'আমরা দুবার কাপ জিতেছি। আরেকবার জিততে যাচ্ছি। সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে আমি নেতিবাচক কিছু নিতে চাই না। অ্যামব্রোস আপনি আপনার মুখ বন্ধ করুন, ঠিক আছে? ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করুন।'

কড়া ভাষায় জবাব দিলেও গেইলের সাম্প্রতিক ফর্ম অ্যামব্রোসের মন্তব্যকেই জোরালো করছে। 

চলতি বছরে ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৭.৪৬ গড়ে কেবল ২২৭ রান করেছেন ৪২ পেরুনো। গেইল, ফিফটি কেবল একটি। ফ্রেঞ্চাইজি ক্রিকেটেও তার সময় খারাপ কেটেছে। আইপিএলে আমিরাত পর্বে পাঞ্জাব কিংসের হয়ে দুই ম্যাচ খেলে করেন ১ ও ১৪ রান। ক্যারিবিয়ান প্রিমিয়ারর লিগে সেন্ট কিটস ও নেভিসের হয়ে ৯ ম্যাচে ১৮.৩৩ গড়ে করেন কেবল ১৬৫ রান।