আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশ, রান পেলেন কেবল সৌম্য-সোহান

ক্রীড়া প্রতিবেদক

মোস্তাফিজুর রহমান-শরিফুল ইসলাম-নাসুম আহমেদের পিটিয়ে ঝড় তুললেন গ্যারেথ ডেনলি। তাতে বড় রান পেল আয়ারল্যান্ড। পরে রান তাড়ায় চরম ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশ। দুই অঙ্কে গেলেন মাত্র চারজন। এরমধ্যে বলার মতো রান করেছেন কেবল সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার আবুধাবিতে দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে  লিটন দাসরা হেরেছেন ৩৩  রানের বড় ব্যবধানে। আগে ব্যাট করে ডেনলির ৫০ বলে ৮৮ রানে ভর করে  ১৭৭ রান করে আইরিশরা। জবাবে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পেরেছে  ১৪৪ রান।

বাংলাদেশের হয়ে সোহান ২৪ বলে ৩৮ ও সৌম্য করেন ৩০ বলে ৩৭ রান।

রান তাড়ায় চরম বিপর্যয়ে শুরু বাংলাদেশের। প্রথম ওভারে ৪ বলে ৩ রান করে ফিরে যান নাঈম শেখ। এই ম্যাচে অধিনায়কত্ব করা লিটন দাস পরের ওভারেই হয়ে যান বোল্ড। মাত্র ৫ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

খাদের কিনারে পড়া অবস্থায় নেমে নিজের বাজে ফর্মের চক্র থেকে বেরুতে পারেননি মুশফিকুর রহিম। রান খরায় থাকা অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৪ বলে ৪ রান করে বোল্ড হয়ে যান। দলের ১৫ রানেই তাই পড়ে ৩ উইকেট।

তিনে নামা সৌম্য সরকারই খেলছিলেন জুতসই। থিতু হয়ে তিনিই বাড়াতে থাকেন রান। তার সঙ্গে যোগ দিয়ে বেশিক্ষণ টেকা হয়নি আফিফ হোসেনের। ১৬ বলে ১৭ করা আফিফ থামেন বেঞ্জামিন হোয়াইটের বলে।

পরে সোহানকে নিয়ে আরেকটি জুটি পান সৌম্য। তিনি এগুচ্ছিলেন ফিফটির দিকে। তবে ৩০ বলে ৩৭ করে দুর্ভাগ্যজনক রান আউটে শেষ হয় তার ইনিংস।

সোহান অবশ্য বাকিটা সময় একাই বাড়িয়েছেন দলের রান। মার্ক অ্যাডাইয়ারের বলে ফেরার আগে ২৪ বলে তার ব্যাট থেকে এসেছে ৩৮ রান। ১৭তম ওভারে তার বিদায়ের কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের জেতার সম্ভাবনা। রান পাননি শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারির মতো তরুণরাও।

শেষ দিকে তাসকিন আহমেদ  (১১ বলে ১৪) কিছুটা রান আনলে দেড়শোর কাছে যায় বাংলাদেশ।

এর আগে টস হেরে বল করতে নেমে আইরিশ ওপেনারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের বোলিং। স্টার্লিং শুরুতেই তুলেন ঝড়। অধিনায়ক অ্যান্ড্রু বিলবার্নিও মেলান তাল। ৫ চারে ১৬ বলে ২২ করে স্টার্লিং ফেরেন নাসুমের বলে। ২২ বলে ২৫ করা বিলবার্নিকে বোল্ড করে দেন তাসকিন। জর্জ ডকরেলকেও শিকার ধরেন তিনি।

তবে এরপর আর সাফল্য আসেনি। হ্যারি টেক্টরকে নিয়ে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে বড় পুঁজিতে নিয়ে যান ডেলনি। টেক্টর কিছুটা মন্থর (২৩ বলে ২৩) থাকলেও ছক্কার বৃষ্টিতে তা পুষিয়ে ডেলনি পাইয়ে দেন বড় রান। এই ডানহাতি শেষ পর্যন্ত ৫০ বলে ৮ ছক্কায় ৮৮ করে গড়ে দেন দুই দলের মধ্যে তফাৎ।

বাংলাদেশের হয়ে সবচেয়ে ভাল বল করেছেন তাসকিন। এই গতিময় পেসার ৪ ওভারে কেবল ২৬ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। অফ স্পিনার শেখ মেহেদী উইকেট না পেলেও ৩ ওভারে দেন মাত্র ১৫ রান। অনিয়মিত বোলার সৌম্য সরকার ২ ওভারে দেন কেবল ১৩ রান।

তবে বাকি তিন বোলারই ছিলেন বিবর্ণ, খরুচে। আইপিএল থেকে ফিরে মোস্তাফিজ প্রথম প্রস্তুতি ম্যাচ না খেললেও এই ম্যাচে নেমে তিনি ওভারপ্রতি ১০ করে রান বিলিয়েছেন। মোস্তাফিজের ৪ ওভার থেকে ৪০ রান নিয়ে নেয় আইরিশরা। প্রথম ওভারে উইকেট পেলেও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ করেছেন হতাশ। ৩ ওভারেই তিনি দিয়েছেন ৩৩ রান।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড:  ২০ ওভারে ১৭৭/৩ (স্টার্লিং ২২, বিলবার্নি ২৫,  ডেলনি ৮৮*  , ডকরেল ৯, টেক্টর ২৩* ; তাসকিন ৪-০-২৬-২, শেখ মেহেদী   ৩-০-১৫-০,  নাসুম ৩-০-৩৩-১, মোস্তাফিজ ৪-০-৪০-০,  শরিফুল ৪-০-৪১-০  , সৌম্য ২-০-১৩-০ )

বাংলাদেশ:   ২০ ওভারে ১৪৪  (নাঈম ৩, লিটন ১, সৌম্য ৩৭ , মুশফিক ৪, আফিফ ১৭, সোহান ৩৮ , শামীম ১, শেখ মেহেদী  ৯,  তাসকিন ১৪*, নাসুম ০ , মোস্তাফিজ ৭ ;  ইয়ং ২/১১, লিটল ২/২২ , সিমি ১/১৯, অ্যাডাইর  ৩/৩৩  , হোয়াইট ১/৩৭, ডেনলি ০/৯)