আফিফকে তবু ওপরে খেলানোর চিন্তা নেই!
প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল তাকেই দেখা গেছে সাবলীল ব্যাট করতে। শেষটা করতে না পারলেও আফিফ হোসেন ডট বলে চাপ বাড়াননি। বিশেষ করে তিন, চার ও পাঁচে খেলা তিন অভিজ্ঞ ব্যাটসম্যানই মন্থর খেলে বাড়িয়েছেন সে চাপ। তবু আফিফকে উপরে খেলানোর কোন চিন্তা নেই বাংলাদেশের।
স্কটল্যান্ডের ১৪১ রান তাড়ায় তিনে নেমে ২৮ বলে ২০ করেন সাকিব, মুশফিক প্রথম ২০ বলে ১৪ করার পর পুষিয়ে নিয়েও করেছেন ৩৬ বলে ৩৮। অধিনায়ক মাহমুদউল্লাহ ওভারপ্রতি দশের চাহিদার সময় নেমে করেন ২২ বলে ২৩।
১৪তম ওভারে চতুর্থ উইকেট পড়লে ক্রিজে যান আফিফ। সাবলীল খেলে এই বাঁহাতি রান আনছিলেন, কিন্তু অন্য পাশে মাহমুদউল্লাহর তখন উলটো দশা। রানরেটের চাপ অনেকখানি বেড়ে গেলে আফিফও আর পারেননি। শেষ ৩ ওভারে দরকার ছিল ৩৭ রান। এই অবস্থায় ছক্কায় উড়াতে গিয়ে আফিফ ফেরেন ১১ বলে ১৮ করে। প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে তার স্ট্রাইকরেটই জুতসই।
ঘরোয়া ক্রিকেটে উপরে ব্যাট করে থাকেন আফিফ। ইনিংস গড়ার দক্ষতায় আছে। তবু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফিফকে ওপরে খেলানোর কোন চিন্তা দলের নেই বলে জানান অধিনায়ক, 'আফিফ আমাদের দলের ছয় নম্বরে ব্যাটসম্যান। আমার মনে হয়, আপাতত ছয় নম্বরই ওর উপযুক্ত জায়গা। যদি ম্যানেজমেন্টর কোনো ভাবনা থাকে ওকে টপ অর্ডারে নেওয়ার তাহলে আমরা সেটা করব। ওর ওপর সেই বিশ্বাসটাও আমাদের আছে।'