আইরিশদের বিদায় করে নামিবিয়ার ইতিহাস

স্পোর্টস ডেস্ক

বাছাই পর্ব পেরিয়ে এর আগে ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল নামিবিয়া। দেশটির ক্রিকেট ইতিহাসে সেটাই ছিল সর্বোচ্চ সাফল্য। সে সাফল্যকে এবার ছাপিয়ে গিয়েছে তারা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দলটি।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে নামিবিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান তোলে আইরিশরা। জবাবে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় নামিবিয়া।

টেস্ট ক্রিকেটের নবীন সদস্য হলেও অনেক বছর ধরেই উঁচু স্তরের ক্রিকেট খেলে আসছে আয়ারল্যান্ড। সেই দলটিকে বিদায় করে দিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে আইসিসির সহযোগী দেশ নামিবিয়া। মূলত বোলারদের সৌজন্যে লক্ষ্যটা হাতের মুঠতে রাখতে পেরেছিল দলটি। এরপর বাকি কাজটা করেন ব্যাটাররা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করা নামিবিয়া সুপার টুয়েলভের কোন গ্রুপে খেলবে তা নিশ্চিত হবে দিনের দ্বিতীয় ম্যাচ শেষেই। যদিও রান রেটে অনেক এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। বড় কোনো অঘটন না হলে গ্রুপ ২-এ খেলবে আইসিসির সহযোগী দেশটি।

ছোট লক্ষ্যে শুরু থেকেই দেখে শুনে ব্যাট করতে থাকে নামিবিয়া। দলীয় ২৫ রানেই ওপেনার ক্রেইগ উইলিয়ামসকে হারায় দলটি। এরপর দ্বিতীয় উইকেটে জেন গ্রিনের সঙ্গে অধিনায়ক গেরহার্ড এরাসমাস গড়েন ৪৮ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি। এরপর বাকি কাজটা ডেভিড ভিসেকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে শেষ করেন অধিনায়ক।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন অধিনায়ক এরাসমাস। ৪৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ১৪ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২৮ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন ভিসে। আয়ারল্যান্ডের পক্ষে ১৪ রানের খরচায় ২টি পান কার্টিস চামফার।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে আয়ারল্যান্ড। দুই ওপেনার পোল স্টার্লিং ও কেভিন ও'ব্রিয়েন দলকে এনে দেন উড়ন্ত সূচনা। ৭.২ ওভারে ৬২ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। কিন্তু এ জুটি ভাঙতেই কি যেন হয়ে যায় দলটির। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। বলার মতো আর কোনো জুটি গড়ে ওঠেনি।

মূলত জেন ফ্র্যাইলিঙ্ক ও ডেভিড ভিসের তোপে পড়ে আইরিশরা। টপ অর্ডারের তিন ব্যাটার ছাড়া আর কেউই পারেননি দুই অঙ্ক স্পর্শ করতে। ফলে সাদামাটা সংগ্রহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন স্টার্লিং। ২৪ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন এ ওপেনার। আরেক ওপেনার ও'ব্রিয়েনের ব্যাট থেকে আসে ২৫। অধিনায়ক অ্যান্ডি বালবির্নে করেন ২১ রান। নামিবিয়ার পক্ষে ২১ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন ফ্র্যাইলিঙ্ক। ২২ রানের বিনিময়ে ২টি শিকার ডেভিড ভিসের।