স্ত্রীর ঝাপসা ছবি আপলোডের ব্যাখ্যা দিলেন ইরফান

স্পোর্টস ডেস্ক

গত কয়েক দিন থেকেই স্ত্রী-সন্তানসহ ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। তাতে দেখা যায় ছেলে ইমরান পাঠান এবং নিজের ছবি ঠিকঠাক থাকলেও তার স্ত্রী সাফা বাইগের ছবিটা অস্পষ্ট। ইচ্ছে করেই মুখের দিকে ঝাপসা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাতে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন ইরফান। তবে এমনটা করার কারণ পরে নিজেই ব্যাখ্যা দিয়েছেন সাবেক এ ভারতীয় পেসার।

তবে যে ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তা আপলোড করা হয় ইরফানের ছেলের টুইটার একাউন্ট থেকে। যার ব্যবহার ইরফানের স্ত্রী সাফা করেন। এমনকি ছবিটি ঝাপসা সাফা নিজ ইচ্ছাতেই করেছেন বলে জানান ইরফান, 'ছবিটি আমার ছেলের অ্যাকাউন্ট থেকে আমার রানী পোস্ট করেছেন। আমরা প্রচুর ঘৃণা পাচ্ছি। এখন আমিও এখানে ছবিটি পোস্ট করছি। সে তার নিজের ইচ্ছাতেই ছবিটিকে ঝাপসা করেছে। আর হ্যাঁ, আমি তার সহকর্মী, তার প্রভু নই।'

ছবিটি আপলোডের পর নানা আক্রমণের শিকার এতোটাই হয়েছেন যে পরে বাধ্য হয়ে টুইটার থেকে তার ছেলের অ্যাকাউন্টটি মুছে ফেলেন ইরফান। তবে পরবর্তীতে নিজের অ্যাকাউন্ট থেকে ফের তা আপলোড করেন তিনি। মূলত এমন ছবি কেন আপলোড করা হয়েছে তার ব্যাখ্যা দিতেই নিজেও দেন এ সাবেক ভারতীয় ক্রিকেটার। 

২০১৬ সালে ভারতীয় মডেল সাফাকে বিয়ে করেন ইরফান। তবে বিয়ের পর থেকে নিজেকে পরিবর্তন করেন সাফা। তবে মডেল থাকা অবস্থায় তার অনেক খোলামেলা ছবিও ছিল। সামাজিক মাধ্যমে তাই এমন ছবি আপলোড হওয়ার পর অনেকেই ইরফানকে আক্রমণ করেছেন। তাদের ধারণা ইরফানের চাপে পরেই এমন ছবি দিতে বাধ্য হয়েছেন সাফা।