দলের পরিকল্পনার সঙ্গে না মেলায় নেই লেগ স্পিনার বিপ্লব
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ চারজনই রিস্ট স্পিনার। সেরা দশে আছেন পাঁচজন। এবার বিশ্বকাপের স্কোয়াডগুলোতেও অন্তত একজন লেগ স্পিনার রাখছে দলগুলো। কিন্তু বাংলাদেশে সেখানে ব্যতিক্রম। বাংলাদেশের মূল স্কোয়াডে জায়গা হয়নি লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দিলেন এর ব্যাখ্যা।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই তেমন কোনো চমক। জায়গা নেই বড় কোনো প্রশ্নেরও। তবে অতিরিক্ত হিসেবে বিশ্বকাপে যাওয়া বিপ্লবকে মূল স্কোয়াডে রাখা যেত কিনা এই প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে।
প্রধান নির্বাচক জানান, বেশ কয়েকদিন ধরে বিপ্লব ম্যাচ না খেলায় তাকে দলের চাহিদার সঙ্গে মেলানো যায়নি, 'লম্বা সময় কিন্তু সে অসুস্থতায় ছিল, এখান থেকে সে ফিরে এসেছে। তারপরও ওকে আমরা নিয়ে যাচ্ছি (অতিরিক্ত হিসেবে)। দুর্ভাগ্যবশত আমরা যে পরিকল্পনায় খেলব, সেখানে সে পড়ছে না। তাই তাকে মূল দলে রাখা যায়নি।'
লম্বা সময় পর গত জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে আসেন বিপ্লব। কোনো ম্যাচ খেলার সুযোগ অবশ্য মেলেনি তার। এরপর বাবার মৃত্যুতে তিনি থাকতে পারেননি ঘরের মাঠের অস্ট্রেলিয়া সিরিজে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম চার ম্যাচেও একাদশে জায়গা হয়নি বিপ্লবের।
সাত ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বিপ্লব তার সবশেষ ম্যাচ খেলেছিলেন গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে।